বাগদাদ, অক্টোবর ৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র বাগদাদের চাহিদা মেটাতে ব্যর্থ হওয়ায় ইরাক চীনের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার মূল্যের হালকা সামরিক সরঞ্জমাদি কিনছে। ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকা এ খবর জানিয়েছে।
তালাবানির উদ্ধৃতির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার তাদের ওয়েব সাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ইরাকের পুলিশের জন্য এসব অস্ত্রের অর্ডার দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে ইরাকি পুলিশ কর্মকর্তাদের প্রতি পাঁচজনের মধ্যে মাত্র একজন অস্ত্র রাখার সুযোগ পাচ্ছেন।
ইরাকি প্রেসিডেন্ট ইরাকের সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য দ্রততার সঙ্গে যুক্তরাষ্ট্রকে অস্ত্র সরবরাহ করার আহ্বান জানিয়েছে বলেও পত্রিকাটি জানিয়েছে।
যুক্তরাষ্ট্র সফররত তালাবানির বরাত দিয়ে পত্রিকাটি জানায়, "সব মিলে আমাদের যা প্রয়োজন, এমনকি সেনাবাহিনীর জন্য যা প্রয়োজন, দ্রুততার সঙ্গে আমাদেরকে তা সরবরাহ করার মতো পর্যাপ্ত ক্ষমতা নেই এখানকার কারখানগুলোর।"
তালাবানি বলেন, "আমাদের চাহিদাগুলোর একটি হচ্ছে ইরাকি সেনাবাহিনীর অস্ত্র সরবরাহে গতি সঞ্চার করা।"
গত সপ্তায় পেন্টাগন জানায়, ইরাকি সেনাবাহিনীকে শক্তিশালী করতে এবং ইরাকে মার্কিন এবং অন্যান্য বিদেশি সেনারা যেসব মিশন পরিচালনা করছে তার দায়িত্ব যাতে ইরাকি সেনাবাহিনী নিতে পারে সে লক্ষ্যে তারা ইরাকের কাছে ২ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রি করতে প্রস্তুত রয়েছে।
পেন্টাগন আরও জানায়, বিক্রির জন্য প্রস্তুত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে গাড়ি, ছোট অস্ত্র, বিস্ফোরক, যোগাযোগ সরঞ্জাম এবং ইউএইচ-১ হেলিকপ্টার।
এদিকে, ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, বাগদাদের যা যা প্রয়োজন তা সরবরাহ করতে ওয়াশিংটন সমস্যার সম্মুখীন হচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা পত্রিকাটিকে বলেন, "শুধু আমাদের সেনাদের সরবরাহ করতেই আমরা কঠোর পরিশ্রম করছি।"
তিনি বলেন, "আমাদের কারখানাগুলো আমাদের নিজেদের সেনাদের জন্য কাজ করছে। সুতরাং এটা সত্য যে তাদের চাহিদা মোতাবেক এসব রাইফেল এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ করার ক্ষমতা নেই আমাদের।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৫৪৫ ঘ.
bdnews24