বাগদাদ, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত বুধবার বাগদাদে এক বোমা হামলায় আহত হয়েছেন। এতে তার দেহরক্ষী এবং এক পথচারী নিহত হন। রাষ্ট্রদূতের কূটনৈতিক গাড়ি বহর মধ্য বাগদাদ দিয়ে যাওয়ার সময়ে লাগাতার কয়েকটি বোমা বিস্ফোরণের শিকার হলে এ ঘটনা ঘটে। পোলিশ কর্মকর্তারা এ ঘটনাকে হত্যা প্রচেষ্টা বলেই গণ্য করছেন।
ইরাকি পুলিশ জানিয়েছে, হামলায় একজন বেসামরিক লোক নিহত হওয়া ছাড়াও পোলিশ দূতাবাসের তিন কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন।
ওয়ারশ থেকে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, "এটা ছিল হত্যা প্রচেষ্টা। আমাদের তিনটি গাড়ি মাইনের ওপর দিয়ে চলে যায়।"
তিনি বলেন, "কয়েকজন লোক আহত হয়েছে। আমাদের রাষ্ট্রদূত জেনারেল এডওয়ার্ড পিতরিজিক নিজেই ধ্বংসস্তুপের মধ্য থেকে দ্রুত বেরিয়ে আসতে সক্ষম হন।"
প্রসঙ্গত, ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেনা অভিযানে সমর্থন দিয়েছিল পোল্যান্ড। আর বর্তমানে ইরাকে প্রায় এক হাজার পোলিশ সেনা মোতায়েন আছে।
মধ্য বাগদাদের আরাসাত জেলার একটি ব্যস্ত সড়কে হয় ওই বিস্ফোরণগুলো।
রয়টার্স টেলিভিশনের ফুটেজে ইউরোপীয়দের মতো দেখতে এক লোকের মাথা, হাত ও পায়ে ব্যান্ডেজ লাগানো অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে যেতে দেখা গেছে। হেলিকপ্টারটি রাস্তার ওপরই নামে।
ইরাকি সেনাবাহিনী জানিয়েছে, নিরাপত্তারক্ষী ও সেনাদের ঘিরে রাখা লোকটি ছিলেন পোলিশ রাষ্ট্রদূত। তারা বলেন, আহত অন্যদেরকে চিকিৎসা দেওয়ার জন্য গাড়িতে করে সুরক্ষিত গ্রিন জোন-এ নিয়ে যাওয়া হয়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মনে হচ্ছিল বিস্ফোরণে তিনটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। সেগুলোর দুটি পুরোপুরি পুড়ে যায় এবং লাল ও সাদা রঙের কূটনৈতিক পতাকাবাহী অপর গাড়িটি বিধ্বস্ত হয়।
ওই ঘটনার পর ইরাকি নিরাপত্তারক্ষীরা সড়কটিকে অবরুদ্ধ করে রাখে।
উল্লেখ্য, সাদ্দাম হোসেনকে উৎখাতের লক্ষ্যে ইরাকে ২০০৩ সালে চালানো আগ্রাসনের পর বাগদাদে সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিদের হামলায় বেশ কয়েকজন কূটনীতিক নিহত হয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৬ ঘ.
bdnews24