ইসলামাবাদ/লন্ডন, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো বুধবার বলেছেন, মুশাররফের সঙ্গে তার ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে। স্বেচ্ছা নির্বাসিত বেনজির লন্ডনে সাংবাদিকদের আরও বলেন, তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা খারিজের সরকারি ঘোষণাটি পাকিস্তান কর্তৃপক্ষের প্রচারিত 'মিথ্যা তথ্য'। মুশাররফ সম্পর্কে বেনজির বলেন, "তিনি সবার জন্য সমান সুযোগ দিতে প্রস্তুত নন আমরা পাকিস্তানকে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে এগুতে দেখতে চাই ।" এদিকে, মুশাররফকে সেনাপ্রধান পদে থেকেই প্রেসিডেন্ট নির্বাচন করা ঠেকাতে বিরোধীদের দায়ের করা সর্বশেষ মামলার শুনানি শুরু হয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্টে।
আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে আগামী ১৮ অক্টোবর পাকিস্তানে ফেরার পরিকল্পনা নিয়েছেন ৫৪ বছর বয়সী বেনজির। তার পাকিস্তান পিপল'স পার্টি (পিপিপি) বর্তমানে পাকিস্তানের সর্ববৃহৎ বিরোধীদল।
পাকিস্তান সুপ্রিম কোর্ট গত সপ্তায় মুশাররফের সেনাপ্রধান থাকা অবস্থায় পুনরায় প্রেসিডেন্ট নির্বাচন করার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো খারিজ করে দেয়। তারপরও বিরোধিরা তার পুননির্বাচন ঠেকাতে এই যুক্তিতে নতুন মামলা দায়ের করে যে, সেনাপ্রধান হিসাবে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অযোগ্য। একইসঙ্গে তারা দাবি জানান, যে কোনো ভাবেই হোক প্রেসিডেন্ট নির্বাচন আগামী সাধারণ নির্বাচনের পরে হওয়ার।
সুপ্রিম কোর্ট বিরোধীদের দায়ের করা এ মামলা বুধবার গ্রহণ করে। কিন্তু একজন বিচারক নয়-সদস্যবিশিষ্ট বেঞ্চের শুনানিতে অংশ নিতে না চাইলে সে শুনানি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই তা বন্ধ হয়ে যায়। সরদার রাজা খান নামের ওই বিচারক গত সপ্তায় খারিজ হয়ে যাওয়া চ্যালেঞ্জগুলোর শুনানিতে অংশ নিয়েছিলেন। সে সময় তিনি চ্যালেঞ্জগুলো খারিজ করে দেওয়ার বিরোধিতা করেন।
আদলতকে তিনি বলেন, "আমি ইতিমধ্যেই আমার মতামত জানিয়েছি এবং আমার পক্ষে তা পরিবর্তন করা সম্ভব নয়।"
এর পর আট-সদস্যবিশিষ্ট বেঞ্চে পুনরায় মামলাটির শুনানি শুরু হয়।
১৯৯৯ সালে এক রক্তপাতহীন সেনা অভ্যুত্থানের মাধ্যমে বিশ্বের পরমাণু অস্ত্রসমৃদ্ধ মুসলিম দেশ পাকিস্তানের ক্ষমতায় আসা এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জেনারেল পারভেজ মুশাররফ আগামী শনিবার অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করবেন বলে ধারণা করা হচ্ছে। প্রসঙ্গত, পাকিস্তানের দ্বি-কক্ষবিশিষ্ট পার্লামেন্ট এবং চারটি প্রাদেশিক পরিষদের সদস্যদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
মুশাররফ অঙ্গীকার করেছেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে তিনি সেনাপ্রধানের পদ ছেড়ে দেবেন এবং নতুন মেয়াদে একজন বেসামরিক প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার তিনি সেনাপ্রধান হিসাবে তার উত্তরসূরীও মনোনীত করেছেন। এ বিষয়টি উর্দি ছেড়ে দেওয়ার বিষয়ে তার পরিষ্কার ইঙ্গিত হিসাবে বিবেচিত হচ্ছে।
পাকিস্তানের নির্বাসিত আরেক সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন একটি বিরোধী জোট মুশাররফের অংশগ্রহণের বিরোধিতা করে প্রেসিডেন্ট নির্বাচন বয়কট করছে। জোটটির এমপিরা মঙ্গলবার জাতীয় ও প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাগ করেছে। তাদের এ পদত্যাগে ৬ অক্টোবরের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত না হলেও তার প্রভাব পড়তে পারে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে।
অন্যদিকে, বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তানের সর্ববৃহৎ বিরোধীদল তাদের এ ওয়াক-আউট প্রক্রিয়ায় এখনও যোগ দেয়নি। তবে বেনজির বলেছেন, গণতান্ত্রিক সংস্কারের দাবি মানা না হলে তার দলের এমপিরও একই কাজ করতে পারেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৩ ঘ.
bdnews24