ইয়াঙ্গুন, অক্টোবর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারের সামরিক জান্তা ৮০ জন বৌদ্ধ ভিক্ষুসহ ১৪৯ জন নারীকে মুক্তি দিয়েছে। এ নারীদের অধিকাংশই ভিক্ষু বলে ধারণা করা হচ্ছে। ছাড়া পাওয়া এক ভিক্ষু এবং ভিক্ষুদের আত্মীয় সব্জনরা বুধবার একথা জানিয়েছেন। গত বিশ বছরের মধ্যে সবচেয়ে বড় সেনাশাসন-বিরোধী বিক্ষোভ দমাতে গত সপ্তাহ থেকে শুরু হওয়া গ্রেপ্তারাভিযানে এ পর্যন্ত প্রায় কয়েক হাজার মানুষকে আটক করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জান্তা সরকারের কাছ থেকে ছাড়া পাওয়া ঊনিশ/বিশ বছর বয়সী এক বৌদ্ধ ভিক্ষু তার জানান তিনিসহ আরও ৭৯ জন ভিক্ষু মঙ্গলবার মধ্যরাতের পর ইয়াঙ্গুনের 'মিঙ্গালা ইয়ামা' মঠে ফিরে এসেছেন। নিজের পরিচয় কিংবা সেখানকার অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত আর কিছু বলতে অত্যন্ত আতঙ্কিত বোধ করছিলেন ওই ভিক্ষু।
তিনি বলেন, অভিযানের সময় গ্রেপ্তার হওয়া মিঙ্গালা মঠের ৯৬ জন ভিক্ষুর অবশিষ্ট ১৬ জনকেও শিগগিরই মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। জান্তা সরকার ১৫টি মঠে একই ধরনের অভিযান চালিয়ে গ্রেপ্তার করে শ'শ' বৌদ্ধ ভিক্ষুকে।
তিনি জানান, তাদেরকে উত্তর ইয়াঙ্গুনের ইনসিন জেলার সাবেক এক সরকারি 'টেকনিক্যাল ইনিস্টিটিউট'-এ আটকে রাখা হয়েছিল। সেখানে জিজ্ঞাসাবাদের সময় তাদেরকে মৌখিকভাবে হেনস্থা ও নির্যাতন করা হয় বলেও জানিয়েছেন তিনি।
তিনি বলেন, "জিজ্ঞাসাবাদের আগে আমাদেরকে 'গেরুয়া বস্ত্র' খুলে রেখে সাধারণ পোশাক পরতে বাধ্য করা হয়। তারা দিন ও রাত দুই সময়ই আমাদের জিজ্ঞাসাবাদ করেছে। আর দিনে দুই বার খাবার দিয়েছে।"
তিনি আরও বলেন, মুক্তি পেয়ে মঠে ফিরে আসার সময় তাদেরকে ভিক্ষুদের গেরুয়া পোষাক পরার অনুমতি দেওয়া হয়।
এদিকে ভিক্ষু-জনতার গণবিক্ষোভ দমনে সামরিক জান্তার গ্রেপ্তার-নির্যাতনের ভেতরের খবর সম্পর্কে এ প্রথম কিছু তথ্য দিতে পেরেছেন ছাড়া পাওয়া ভিক্ষুদের আত্মীয়-স্বজনরা।
ছাড় পাওয়া তিন নারী ভিক্ষুর এক আত্মীয় জানান, চারটি শ্রেণীতে ভাগ করে রাখা হয়েছিল আটকদেরকে। প্রথম ভাগে পথচারীরা, দ্বিতীয় ভাগে যারা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এ মিছিল দেখেছে, ৩য় ভাগে যারা মিছিলকে উৎসাহ যোগাতে হাততালি দিয়েছেন তারা এবং সবশেষ ভাগে যারা বিক্ষোভ মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তারা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/এএমটি/১৭০০ ঘ.
bdnews24