২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুমাসের মধ্যেই বসরার দায়িত্ব হস্তান্তরে আশাবাদী ব্রাউন

ইরাক সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, দুমাসের মধ্যে বসরার নিরাপত্তার দায়িত্ব ইরাকিদের কাছে হস্তান্তর করে এ বছর শেষ নাগাদ আরও বেশি সেনা দেশে ফিরিয়ে আনায় আশাবাদী তিনি। বড়দিনের আগেই সেনাদের দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন ব্রাউন। মঙ্গলবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে ব্রাউন এই আশার কথা শোনান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ব্রাউনের প্রথম ইরাক সফর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2007, 12:59 PM

Updated : 26 Aug 2022, 08:43 PM

বাগদাদ, অক্টোবর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন বলেছেন, দুমাসের মধ্যে বসরার নিরাপত্তার দায়িত্ব ইরাকিদের কাছে হস্তান্তর করে এ বছর শেষ নাগাদ আরও বেশি সেনা দেশে ফিরিয়ে আনায় আশাবাদী তিনি। বড়দিনের আগেই সেনাদের দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন ব্রাউন। মঙ্গলবার বাগদাদে এক সংবাদ সম্মেলনে ব্রাউন এই আশার কথা শোনান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ব্রাউনের প্রথম ইরাক সফর। ইরাকিদের কাছে বসরার নিরাপত্তার দায়িত্ব হস্তান্তর প্রসঙ্গে গর্ডন ব্রাউন বলেন,"আগামী দুমাসের মধ্যে ইরাকিরা প্রাদেশিক নিয়ন্ত্রণ নিতে পারবে বলে আমি বিশ্বাস করি। এর অর্থ হল ইরাকিরা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিতে যাচ্ছে।" প্রসঙ্গত গত মাসের শুরুতে বসরার প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে ব্রিটিশ সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসন শুরুর পর থেকেই দক্ষিণ ইরাকের এ প্রদেশটির নিরাপত্তা দেখভাল করত ব্রিটিশ বাহিনী। প্রাসাদ থেকে সরিয়ে সেখানকার বিমানঘাঁটিতে স্থানান্তর করা হয় ব্রিটিশ সেনাদের। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন," এ বছরের শেষ নাগাদ ব্রিটিশ সেনার সংখ্যা ৪,৫০০ তে নামিয়ে আনা সম্ভব হবে বলে আমার বিশ্বাস।" তিনি বলেন," এর মধ্য দিয়ে বড়দিনের আগেই আরও ১,০০০ সেনা দেশে ফিরতে পারবেন।" ইরাকে মোট ব্রিটিশ সেনার সংখ্যা বর্তমানে ৫,২৫০ জনে দাঁড়িয়েছে। কিছুদিন আগেও ইরাকে ব্রিটিশ সেনার সংখ্যা প্রায় ৭,৫০০ জন ছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪৭ ঘ.