কলকাতা, ভারত, অক্টোবর ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তি নিয়ে ভারতের বামপন্থিরা কোনো আপোস করবে না। পরমাণু চুক্তি নিয়ে পরবর্তী পরিকল্পনা ঠিক করতে বামপন্থিদের শক্ত ঘাঁটি পশ্চিমবঙ্গের কলকাতায় রোববার কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসিস্ট) বা সিপিআই(এম) এর এক বৈঠকের পর সোমবার নেতারা একথা জানিয়েছেন।
প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠনের সময় বামপন্থিদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারাই এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তির বিরোধিতা করছেন এবং হুমকি দিচ্ছেন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের। এমন পরিস্থিতিতে আগামী বছরই ভারতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে গুঞ্জন চলছে।
বামপন্থিরা বলছেন, চুক্তিটি করা হলে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করা হবে এবং এর ফলে দুর্বল হয়ে পড়বে নয়াদিল্লির নিরপেক্ষ পররাষ্ট্রনীতি।
প্রবীণ সিপিআই(এম) নেতা জ্যোতি বসু বলেন, "আমরা পরমাণু চুক্তির নিয়ে কোনো প্রকার আপোস না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে চুক্তিটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধানের আগে কংগ্রেস কোনো আপোস করে কিনা আমরা তা পর্যবেক্ষণ করব।"
চুক্তিটি নিয়ে সরকার ও বামপন্থিদের মধ্যে গত আগস্ট মাসে সঙ্কট তৈরি হয়। তখন সরকার ও বাম দলগুলো চুক্তিটি যাচাই-বাছাই করার জন্য একটি প্যানেল গঠন করে। প্যানেলটির এ মাসে বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে।
জ্যোতি বসু বলেন, প্যানেল এ মাসে আবারও বৈঠকে বসলে সরকার বাম দলগুলোর উত্থাপিত প্রশ্নের কি জবাব দেয় সেজন্য অপেক্ষা করার পরিকল্পনা নিয়েছে কমিউনিস্টরা।
তিনি বলেন, "সমর্থন প্রত্যাহারের বিষয়ে আলোচনা শুরুর আগে আমরা দেখতে চাই এখান থেকে কি আসে।"
পরমাণু চুক্তি নিয়ে পরবর্তী কর্মপরিকল্পনার বিষয়ে সোমবার দিনের শেষ দিকে সিপিআই(এম) এর একটি দলীয় সনদ প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৮০৪ ঘ.
bdnews24