২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় পরমাণু পরীক্ষা চালানোর ঘোষণা দিতে পারে পিয়ংইয়ং

ওয়াশিংটনের সঙ্গে আর্থিক দুর্নীতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতি না হলে তারা দ্বিতীয় পরমাণু পরীক্ষা চালানোর পরিকল্পনা ঘোষণায় বাধ্য হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরীয় সরকারের ঘণিষ্ঠ বেইজিঙের একটি সূত্র বুধবার একথা জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2007, 05:06 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

এদিকে মার্কিন উপসহকারী অর্থমন্ত্রী ড্যানিয়েল গ্লেসার অর্থ চোরাচালান নিয়ে বেইজিঙে পিয়ংইয়ঙের কর্মকর্তাদের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করেছেন। বৈঠকের পর তিনি বলেন, এ বিষয়ে আলোচনা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আরো সমঝোতার ‘অবকাঠামো তৈরি হয়েছে’। এ সংক্রান্ত তথ্যপ্রমাণ পিয়ংইয়ঙের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও গ্লেসার জানান।

এর আগে মার্কিন অর্থমন্ত্রী ম্যাকাওয়ের ব্যানকো ডেল্টা এশিয়ার (বিডিএ) বিরুদ্ধে উত্তর কোরিয়ায় মার্কিন ডলার ও মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগ আনেন।

তবে বেইজিঙের ওই সূত্রটি বলছে, ওয়াশিংটনের হাজির করা তথ্যপ্রমাণ যথেষ্ট নয় এবং ৮ ফেব্র“য়ারি বেইজিঙে অনুষ্ঠেয় ছয় জাতির আলোচনায় পিয়ংইয়ং এ বিষয়ে তাদের হতাশার কথা জানাতে পারে।

পিয়ংইয়ঙের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে তিনি বলেন, “ওয়াশিংটন যদি এ বিতর্কের অবসান না ঘটায় তবে ৮ ফেব্র“য়ারির আলোচনায় পিয়ংইয়ঙের পক্ষ থেকে আরেকটি পরমাণু পরীক্ষা চালানোর পরিকল্পনার ঘোষণা না দেওয়ার কোনো বিকল্প থাকবে না।”

“ওয়াশিংটনের কাছে উত্তর কোরিয়ার আর্থিক দুর্নীতি সংক্রান্ত কোনো প্রমাণ নেই, যেমন ইরাকের ব্যাপক বিধ্বংসী অস্ত্র সংক্রান্ত কোনো প্রমাণ তাদের কাছে ছিল না।”

তিনি ওয়াশিংটনের এ তৎপরতাকে সার্বভৌম উত্তর কোরিয়ার জন্য ‘অত্যন্ত অপমানজনক’ বলে আখ্যায়িত করেন।

তবে বেইজিঙে উত্তর কোরীয় দূতাবাস কিংবা চীনা পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এদিকে ৮ ফেব্র“য়ারির আলোচনা থেকে ইতিবাচক ফলাফল বেরিয়ে আসার আশা করছে দক্ষিণ কোরিয়া। একইসঙ্গে পিয়ংইয়ং যাতে পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ করে সেজন্য একটি চুক্তি করতে চায় বলেও জানিয়েছে তারা।

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে দুই কোরিয়া, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও জাপান এ বৈঠকে চেষ্টা করবে- একথা উল্লেখ করে দক্ষিণ কোরীয় পররাষ্ট্রমন্ত্রী সং মিন--সুন বুধবার সাংবাদিকদের জানান, “আমরা একটি যৌথ চুক্তি করার আশা করছি।”

তিনি আরো বলেন, এ চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বিভিন্ন দেশের জোরালো যুক্তি সত্ত্বেও কোনো সিদ্ধান্তে আসতে ব্যাপক আলোচনা ও সময়ের ওপর নির্ভর করা হবে।

ওয়াশিংটন--পিয়ংইয়ঙের মধ্যকার আর্থিক দুর্নীতি সংক্রান্ত আলোচনা ছয় জাতি আলোচনার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।