২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে গাড়িবোমায় নিহত ১৭ (আরো তথ্যসহ)

বাগদাদে সিরিজ গাড়িবোমা বিস্ফোরণে বৃহস্পতিবার কমপক্ষে ১৭ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে এ খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2007, 03:03 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বাগদাদের দক্ষিণাঞ্চলীয় শহর দোরার একটি সবজি বাজারে পরপর তিনটি  গাড়িবোমা বিস্ফোরিত হলে ১০ জন নিহত ও আরো ১৫ জন আহত হন। এর কিছু আগে মধ্য বাগদাদের সাদোন স্ট্রিটে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন চার জন। আহত হয় দশজন। গাড়িটি একটি বাজারে ঢোকার প্রবেশ পথে রাখা ছিল। আর পূর্ব বাগদাদে অপর গাড়িবোমার বিস্ফোরণে নিহত হন তিন জন।

এদিকে, উত্তর-পূর্ব বাগদাদের সদর সিটিতে জনাকীর্ণ বাজারে বোমা বিস্ফোরণে বুধবার ১৫ জন নিহত হন ।

এছাড়া, বাগদাদে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ন্যাশনাল ডেমোক্রেটিক  ইন্সটিটিউট বা এনডিআই-এর গাড়ি বহরে হামলায় সংস্থাটির একজন মার্কিন কর্মকর্তাসহ নিহত হয়েছেন তার তিন দেহরক্ষী।

এনডিআই-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক আঞ্চলিক পরিচালক লেস ক্যাম্পবেল এ খবর নিশ্চিত করেছেন।

নিহত দেহরক্ষী তিনজনের একজন ইরাকি, একজন ক্রোয়েশীয় এবং অপরজন হাঙ্গেরিয়ান।