২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে টিভি অনুষ্ঠানে শিল্পাশেঠীর বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যে উত্তপ্ত ভারত

ব্রিটেনের চ্যানেল-৪ এর ‘সেলিব্রেটি বিগ ব্রাদার’ অনুষ্ঠানে বলিউড তারকা শিল্পা শেঠীর বিরুদ্ধে করা বর্ণবাদী মন্তব্যে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা ভারত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 01:07 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও অর্থমন্ত্রী গর্ডন ব্রাউন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে প্রচার মাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। 

অনুষ্ঠানটি প্রচারের পর ব্রিটেনের ১০ হাজারের বেশি দর্শক অভিযোগ করেন, ৩১ বছর বয়সী শিল্পা বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম ওপর নজরদারি প্রতিষ্ঠান ‘ওফকম’  অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করেছে।

চ্যানেল ফোরের অনুষ্ঠানটিতে শিল্পার সঙ্গে অবস্থান করা অন্য সেলিব্রিটিদের তাকে লক্ষ করে বর্ণবাদী মন্তব্য করতে শোনা যায়। তারা শিল্পার নাম নিয়ে, তার ভারতীয় ঐতিহ্য ও খাবার অভ্যাস নিয়ে সারাক্ষণ ব্যঙ্গ-বিদ্রুপ করতে থাকে।  বলিউডের শীর্ষ কাতারের এই  শিল্পীকে ‘কুকুর’ বলেও সম্বোধন করা হয়। এক পর্যায়ে সহ্য করতে না পেরে শিল্পা কান্নায় ভেঙ্গে  পড়েন। 

এ ঘটনার প্রতিক্রিয়ায় বলিউডের প্রখ্যাত পরিচালক মহেশ ভাট রয়টার্সকে বলেছেন, “পশ্চিমা সমাজে যা ঘটছে এটা তারই প্রতিছবি।” তিনি আরো বলেন, এটাই পশ্চিমাদের প্রকৃত ও আগ্রাসী চরিত্র, যা আপনি লন্ডন বা নিউ ইয়র্কের রাস্তায় রাস্তায় দেখতে পারবেন।    

বলিউডের অনেক অভিনেতা--অভিনেত্রী এবং পরিচালক বলেছেন, তারা অনুষ্ঠানটি দেখেননি। কিন্তু এ ঘটনাটি জেনে ব্যাথিত ও ক্ষুব্ধ।

আরেক চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনগাল বলেছেন, “বর্ণবাদ পশ্চিমাদের একটি সামাজিক মনোভাব, এটা বদলানো কঠিন।”

এ ব্যাপারে প্রশ্ন করা হলে ভারতের জুনিয়র পররাষ্ট্র মন্ত্রী আনন্দ শর্মা বলেছেন, তার সরকার সবসময়ই বর্ণবাদের নিন্দা করে থাকে।

তিনি বলেন, “ঘটনাটি অন্য দেশে ঘটেছে এবং আমরা কঠোরভাবে তা প্রত্যাখান করছি। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমরা রিপোর্ট পাওয়ার পর যথাযথ পদক্ষেপ নেব।”