আইনজীবীদের কাছে পেন্টাগন কর্মকর্তার ক্ষমা প্রার্থনা
গুয়ানতানামো কারাগারে আটক ব্যক্তিদের আইনী সহায়তা দানকারী মার্কিন প্রতিষ্ঠানগুলোর সমালোচনা করে আলোচিত পেন্টাগনের এক কর্মকর্তা আইনজীবীদের কাছে ক্ষমা চেয়েছেন।
কারাগারে আটক ব্যক্তি বিষয়ক উপ সহকারী প্রতিরক্ষামন্ত্রী চার্লস ’কুল্লি’ স্টিমসন বুধবার ওয়াশিংটন পোস্টের চিঠিপত্র বিভাগে চিঠি লিখে আইনজীবীদের কাছে ক্ষমা চান।
গত সপ্তাহে ওয়াশিংটন রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইনী সহায়তা দানকারী বড় বড় মার্কিন প্রতিষ্ঠানগুলো গুয়ানতানামোর বন্দিদের সাহায্য করতে চাওয়ার খবরে তিনি ‘আতঙ্কিত’ বোধ করছেন।
স্টিমসন আরো বলেন, এসব প্রতিষ্ঠান গুয়ানতানামোর বন্দিদের মামলা পরিচালনা করছে জানতে পারলে তাদের কাছে কেউ আইনী সহায়তা চাইতে যাবে না এবং এতে প্রতিষ্ঠানগুলো অর্থ সঙ্কটে পড়বে।
চিঠিতে তিনি বলেন, “দুঃখজনক ব্যাপার হলো, আমার এসব মন্তব্য ওইসব প্রতিষ্ঠানকে এমন ধারণা দিয়েছে যে আমি তাদের দৃঢ়তা সম্পর্কে প্রশ্ন তুলেছি। আমি কিন্তু তা করিনি।”
“আমি যা বলেছি তার জন্য ওইসব প্রতিষ্ঠান এবং এদের সঙ্গে জড়িত আইনজীবীদের কাছে ক্ষমা চাইছি। আমি আশা করি সরকারকে দেওয়া আমার সেবার কথা বিবেচনা করে এটা তারা পরিষ্কার বুঝবেন যে এসব আমার অন্তর্নিহিত বিশ্বাসের কথা নয়।”
স্টিমসন নিজেও একজন আইনজীবী। তিনি বলেন, আমি অসহায়দের সহায়তা দেওয়ায় সমর্থন করি এবং বিশ্বাস করি আইন ব্যবস্থা তখনই সবচেয়ে ভালোভাবে কাজ করে যখন উভয় পক্ষ পরিষ্কারভাবে একে অপরকে সহায়তা দেয়।
স্টিমসনের ওই সাক্ষাৎকারের পর মার্কিন আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার তারা স্টিমসনের পদত্যাগও দাবি করেন।
চারটি আইনী প্রতিষ্ঠান প্রেসিডেন্ট জর্জ বুশকে লেখা এক চিঠিতে বলে, স্টিমসনকে তার মন্তব্যের জন্য ক্ষমতাচ্যুত করা উচিত, কেননা তিনি গুয়ানতানামোর বন্দিদের পক্ষে দাঁড়াতে চায় এমন আইনজীবীদের মধ্যে ‘অনাগ্রহ’ সৃষ্টি করতে চেয়েছেন।
