হারিয়ে যাচ্ছে 'চীনের দুঃখ'র মাছ
‘চীনের দুঃখ’ বলে পরিচিত ইয়েলো নদীর মাছ হারিয়ে যাচ্ছে। বাধ নির্মাণ, পানির স্তর নেমে যাওয়া, অতিরিক্ত মাছ ধরা এবং দূষণের কারণে নদীটির বিভিন্ন প্রজাতির মাছের প্রায় এক তৃতীয়াংশই হারিয়ে গেছে।
সরকারি পত্রিকা দি পিপলস ডেইলিতে বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কৃষি মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, “মাছের সংখ্যা কমে যাওয়ার পেছনে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ ও ব্যবহারের কারণে এক নদী থেকে অন্য নদীতে মাছ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাওয়া, বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত মাছ ধরা এবং দূষণই প্রধানত দায়ী।”
তিনি আরো জানান, এক সময় ইয়েলো নদীতে ১৫০টিরও বেশি প্রজাতির মাছ ছিল। কিন্তু বর্তমানে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রজাতির মাছসহ প্রায় এক তৃতীয়াংশ মাছই হারিয়ে গেছে।
প্রসঙ্গত, চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়েলো ৫,৪৬৪ কিলোমিটার দীর্ঘ। সাম্প্রতিক বছরগুলোতে নদীটি শুকিয়ে যেতে শুরু করেছে।
এক সময় ১৫ কোটিরও বেশি মানুষের জন্য প্রয়োজনীয় পানি এবং সেচ কাজে ব্যবহৃত পানির ১৫ শতাংশ নেওয়া হতো ওই নদী থেকে।
