ইসরায়েলি সেনাবাহিনী প্রধানের পদত্যাগ
ইসরায়েলের সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ড্যান হালুৎস লেবানন যুদ্ধের দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন।
তার পদত্যাগপত্র প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট গ্রহণ করেছেন বলে মঙ্গলবার সরকারি এক সূত্রে জানা গেছে।
অবসরপ্রাপ্ত ইসরায়েলি জেনারেল ড্যান শোমরন এ ঘটনার তদন্ত শেষে গত মাসে প্রতিবেদন পেশ করেছেন।
প্রতিবেদনে শোমরন এ যুদ্ধে যথাযথভাবে সংগঠিত না হওয়ায় ইসরায়েলি সেনাদের সমালোচনা করেন এবং ব্যর্থতার দায়ভার কার্যত সেনাপ্রধানের ওপর চাপিয়ে দেন।
ওই যুদ্ধের সমালোচনার পরিপ্রেক্ষিতে এর আগে দুই জেনারেল পদত্যাগ করলেও হালুৎস তার দায়িত্ব পালন করছিলেন।
অপহৃত দুই সেনাকে উদ্ধারের জন্য গত বছরের জুলাই--আগস্ট মাসে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর ওপর ইসরায়েলি বাহিনী হামলা শুরুর পর ৩৪ দিন ধরে যুদ্ধ চললেও অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, ওই যুদ্ধে লেবাননের প্রায় ১২০০ বেসামরিক ব্যক্তি এবং ১৫৭ জন ইসরায়েলি নিহত হন।
