নেপালে মাওবাদীদের নিরস্ত্রীকরণ শুরু
নেপালে জাতিসংঘ পর্যবেক্ষকদের কাছে মাওবাদী গেরিলাদের অস্ত্র জমা দেওয়ার কাজ শুরু হচ্ছে বুধবার। মাওবাদীদের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী জাতিসংঘ পর্যবেক্ষক এবং সাবেক ব্রিটিশ ও ভারতীয় গুর্খা সেনাদের একটি টাস্কফোর্স এ অস্ত্রসংরক্ষণ এবং পর্যবেক্ষণের কাজ করবে। নেপালের সেনাবাহিনীকেও সমপরিমাণ অস্ত্র জমা দিতে হবে পর্যবেক্ষকদের কাছে। মাওবাদীদের অস্ত্র জমা নেওয়ার পাশাপাশি গেরিলাদের নাম নিবন্ধনের কাজ করবে জাতিসংঘ। নেপাল সরকার এবং জাতিসংঘ সূত্র একথা জানায়।
মাওবাদীরা অন্তর্বর্তী পার্লামেন্টে যোগ দেওয়ার দুদিন পর গেরিলাদের নিরস্ত্রীকরণের কাজ শুরু হল।
জাতিসংঘের মুখপাত্র কিয়েরান দাইয়ার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন এ কাজের জন্য জাতিসংঘের পরিদর্শক দল এবং ব্রিটিশ ও ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে গঠিত নেপালি গুর্খা সেনাদের একটি টাস্কফোর্স কাঠমান্ডুর দক্ষিণাঞ্চলের চিতওয়ান ক্যাম্পে পৌঁছেছেন।
চিতওয়ানে অবস্থিত মাওবাদীদের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এর ক্যান্টনমেন্টে নাম নিবন্ধন ও অস্ত্র জমা দেওয়ার কাজ শুরু হবে। আর এজন্য নাওআলপারাসিতে অবস্থিত মাওবাদীদের অপর একটি ক্যাম্পে চূড়ান্ত প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রসঙ্গত এক দশক ধরে চলা সংঘর্ষের অবসানের লক্ষ্যে গত বছরের নভেম্বরে নেপালি সরকার ও মাওবাদীদের মধ্যে একটি শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এরই অংশ হিসেবে সোমবার তারা পার্লামেন্টে যোগ দেয়। শান্তিচুক্তি অনুযায়ী পার্লামেন্টের ৩৩০টি আসনের মধ্যে ৮৩টিতে প্রতিনিধিত্বও করবেন তারা।
