২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা বিস্ফোরণে নিহত ১৫

বাগদাদের মঙ্গলবার দুটি বোমা বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 06:23 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

নিহতদের মধ্যে দুজন পুলিশ রয়েছে বলে দেশটির পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, প্রথম ঘটনায় কারাদা এলাকায় এক যোগাযোগ কেন্দ্রের কাছে রাস্তার পাশে পুঁতে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করার সময় আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এতে বোমা নিষ্ক্রিয় করায় নিয়োজিত দুই পুলিশ ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই বেসামরিক ইরাকি ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আহত হন তিন পুলিশসহ আরো ১০ জন।

পুলিশের এক সূত্র জানায়, আপাতদৃষ্টিতে মনে হয় প্রথম বিস্ফোরণের পর হতাহতদের সরিয়ে নিতে আসা উদ্ধারকর্মীদের ওপর হামলা চালাতে সময়নিয়ন্ত্রিত দ্বিতীয় বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে।

পরে বাগদাদের কেন্দ্রস্থলে খিলানি এলাকায় একটি সুন্নি মসজিদের কাছে আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এটি একটি মোটরসাইকেলের সঙ্গে বাধা ছিল। এতে অন্তত ১১ জন নিহত হন। 

সূত্রগুলো জানায়, হাসপাতালে অন্তত ১১টি মৃতদেহ এবং অগণিত আহত মানুষকে আনা হয়েছে।

ইরাকি টেলিভিশনে প্রচারিত ফুটেজে মার্কিন সেনাদের ঘটনাস্থল থেকে আহতদের সরিয়ে নিতে দেখা যায়।

বাগদাদে ক্রমবর্ধমান সহিংসতা বন্ধের লক্ষ্যে মার্কিন সেনাদের সাহায্য করতে ইরাক সরকার নতুন ধরনের নিরাপত্তা পরিকল্পনা হাতে নিলেও রাজধানীতে প্রতি সপ্তাহেই বোমা ও মর্টার হামলায় শত শত ইরাকি নিহত হচ্ছেন।   

মঙ্গলবারই জাতিসংঘ জানায়, গত বছর সহিংসতায় ৩৪ হাজারেরও বেশি বেসামরিক ইরাকি নিহত হয়েছেন।