নতুন নেপালের যাত্রা
কাঠমান্ডু এখন যেন উৎসবের নগরী। স্কুল, কলেজ, অফিস, আদালত বন্ধ। রাস্তায় রাস্তায় বইছে আনন্দের বন্যা।
আর এ আনন্দ--উৎসবের কারণ হলো, নেপালে সরকারি সেনা আর মাওবাদীদের সংঘাত আর হানাহানির অবসান হয়েছে আনুষ্ঠানিকভাবে।
দেশজুড়ে নেপালিদের আজ আনন্দের সীমা নেই। বিপ্লবী মাওবাদীরাও নেমে এসেছে রাস্তায়, কাঁধে কাঁধ মিলিয়ে জনতার সঙ্গে মিশে গেছে তারা।
সোমবার সংবিধান সংস্কার করে অন্তর্বর্তী সংবিধান গ্রহণের মাধ্যমে মাওবাদী গেরিলাদের পার্লামেন্টে যোগ দেওয়ার সুযোগ সৃষ্টি হয়। শুরু হয় নতুন এক নেপালের যাত্রা। আর এ ঐতিহাসিক যাত্রাকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার দেশটিতে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী গিরিজা প্রসাদ কৈরালার বক্তব্য হলো, “এটা হলো নতুন নেপালের যাত্রা”।
পার্লামেন্টে ৮৩ সদস্যের মাওবাদী প্রতিনিধিদের দলনেতা কৃষ্ণ বাহাদুর মাহারা মতে, “নেপালের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং ঘটনাবহুল দিন আজ। নেপালের মানুষ এখন তাদের সার্বভৌম অধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।”
দীর্ঘ এক দশকের সশস্ত্র সংগ্রামে বহু চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে নেপালে রাজতন্ত্রের অবসান এবং সরকারের সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তির পর সোমবার পার্লামেন্টে যোগ দেয় মাওবাদী গেরিলারা। রাজতন্ত্রের অবসান চেয়ে ১৯৯৬ সালে মাওবাদীদের শুরু করা এ সংগ্রামে এ পর্যন্ত প্রায় ১৩,০০০ মানুষ প্রাণ হারান।
মাওবাদীদের সঙ্গে সরকারের চুক্তি অনুসারে বহু প্রতীক্ষিত অন্তর্বর্তী সংবিধান সংক্রান্ত বিলটি সোমবার অনুমোদিত হয় নেপালি পার্লামেন্টে। এর আগে রোববার নেপালের সাত দলীয় জোটের মন্ত্রিপরিষদ ও মাওবাদীরা এর খসড়া অনুমোদন করে।
পার্লামেন্টের মোট ৩৩০টি আসনের মধ্যে ৮৩টি আসনে প্রতিনিধিত্ব করবেন মাওবাদীরা।
সংবিধান সংস্কার করায় গেরিলাদের জন্য নির্দিষ্ট সংখ্যক আসন সংরক্ষণের মাধ্যমে দেশটির শাসন ব্যবস্থায় প্রথমবারের মতো প্রত্যক্ষ অংশগ্রহণের সব পথ খুলে গেল মাওবাদীদের জন্য।
