আন্তঃসীমান্ত হামলার সংখ্যা বাড়িয়েছে তালেবানরা: মার্কিন সেনাবাহিনী
পাকিস্তানে অবস্থানরত তালেবান যোদ্ধারা আফগানিস্তানের অভ্যন্তরে হামলার সংখ্যা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন সেনা কর্মকর্তারা।
মঙ্গলবার তারা এ অভিযোগ জানিয়ে বলেন, পাকিস্তান সরকার ও সেদেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী স্থানীয় গোত্রগুলো আন্তঃসীমান্ত হামলা বন্ধে আলোচনা চালালেও এই সুযোগে তালেবানরা হামলার সংখ্যা বাড়িয়ে চলেছে।
আফগানিস্তানে অবস্থানরত মার্কিন বাহিনীর শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কার্ল এইকেনবেরি বলেন, গত মাসে আন্তঃসীমান্ত হামলার সংখ্যা ছিল গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুন। তবে এ পর্যন্ত কত সংখ্যক হামলা হয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি।
তিনি আরো বলেন, “আফগানিস্তান, ন্যাটো, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে সামরিক সম্পর্ক ও আলোচনা আশাব্যঞ্জক হলেও তালেবান যোদ্ধাদের মোকাবেলা ও নিয়ন্ত্রণে আমাদের সামনে এই মুহূর্তে যে চ্যালেঞ্জ রয়েছে সে বিষয়টির ওপরও জোর দেওয়া জরুরি।”
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস তালেবানদের বিরুদ্ধে সম্ভাব্য জোরদার লড়াইয়ে সেনাবাহিনীর যেসব সহায়তার প্রয়োজন হবে তা নিশ্চিত করতে সোমবার থেকে আফগানিস্তান সফর শুরু করেছেন।
উল্লেখ্য, তালেবান যোদ্ধারা আবারো সংগঠিত হয়ে আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো বাহিনী ও আফগান সরকারি বাহিনীর ওপর গত বছর থেকে হামলা চালিয়ে যাচ্ছে।
মার্কিন কর্মকর্তারা আরো অভিযোগ করেন, তালেবান জঙ্গিরা পাকিস্তানে অবস্থান করছে।
গেটসের সফরসঙ্গী সাংবাদিকদের এইকেনবেরি বলেন, “শত্র“রা হামলার জন্য সীমান্তের উভয় দিকই ব্যবহার করছে। আফগানিস্তানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে তারা পাকিস্তানকে ব্যবহার করছে। সীমান্তের উভয় দিকেই তাদের বেশ কয়েকজন শীর্ষ নেতা রয়েছেন যারা এসব হামলা পরিচালনা করছেন।”
আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র কর্নেল টম কলিন্স অভিযোগ করেন, পাকিস্তানের সঙ্গে স্থানীয় গোত্রগুলোর চুক্তি স্বাক্ষরের পর থেকে পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তান সরকার গত বছর সেপ্টেম্বর মাসে সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের গোত্রগুলোর সঙ্গে তালেবানদের আফগানিস্তানে প্রবেশ করতে না দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছে এবং এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করে।
সাংবাদিকদের কলিন্স বলেন, “শত্র“রা আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালাতে যে ওই চুক্তির সুযোগ নিচ্ছে আমরা তার প্রমাণ খুঁজছি।”
