ওয়াজিরিস্তানের গেরিলা ঘাঁটিতে পাকিস্তানের বিমান হামলা
সীমান্ত সংলগ্ন দক্ষিণ ওয়াজিরিস্তানের গেরিলা ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সকাল ৭ টার দিকে চালানো ওই অভিযানে ঘাঁটিতে অবস্থান নেওয়া ২৫ থেকে ৩০ জন গেরিলার অধিকাংশই নিহত হয় বলে দাবি করেছেন সেনা কর্মকর্তারা।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল শাওকাত সুলতান মঙ্গলবার একথা জানান। তিনি বলেন, ২৫-৩০ জন দুর্বৃত্ত এবং কয়েকজন বিদেশী জঙ্গি ওই ঘাঁিটিতে আত্মগোপন করে আছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ ওয়াজিরিস্তানের জামজোলায় অভিযান চালানো হয়।
প্রথমে বিমান থেকে মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুঁেড় গুঁড়িয়ে দেওয়া হয় ঘাঁটির মাটির দেয়াল। পরে হেলিকপ্টার গানশিপ দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়া হয় আস্তানাটি।
হতাহতের সংখ্যা নিশ্চিত করতে না পারলেও বেশিরভাগ গেরিলাই ওই হামলায় প্রাণ হারিয়েছে বলে দাবি করেন জেনারেল শাওকাত।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস কাবুল এসে পৌঁছানোর কয়েক ঘন্টা পর জামজোলায় বিমান হামলা চালায় পাকিস্তান।
উপজাতি অধ্যুষিত দক্ষিণ ওয়াজিরিস্তান পাকিস্তান-আফগান সীমান্তে অবস্থিত। স্থানটি তালেবান যোদ্ধা এবং আল- কায়েদার শক্ত ঘাঁিট হিসেবে পরিচিত।
