২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের সৎভাইসহ আরেক সহযোগীর ফাঁসি কার্যকর

বিশ্ব জুড়ে প্রতিবাদ এবং আন্তর্জাতিক মতামতকে উপেক্ষা করে সাদ্দাম হোসেনের সৎভাই বারজান আল তিকরিতি ও সাবেক বিচারক আওয়াদ আল বন্দরের ফাঁসি কার্যকর করা হয়েছে সোমবার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 05:48 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এ ফাঁসি কার্যকর করা হয়। ফাঁসি দেওয়ার সময় নজিরবিহীনভাবে আল তিকরিতির দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেলে তার শরীর মাটিতে লুটিয়ে পড়ে। ইরাকি সরকার এ খবর নিশ্চিত করেছে।

কোন পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার ভোররাত ৩টায় সাদ্দামের দুই সহযোগীকে ফাঁসি দিয়ে ‘মিডিয়া ব্ল্যাকআউটের’ মাধ্যমে তা গোপন করতে চেয়েছিল সরকার। পরে সকালে ইরাক সরকারের মুখপাত্র আলি আল--দাব্বাঘ এক সংবাদ সম্মেলনে তাদের ফাঁসি কার্যকরের কথা স্বীকার করেন।

সাদ্দামের সৎভাই বারজানের মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা স্বীকার করলেও একে একটি নজিরবিহীন ঘটনা বলে উল্লেখ করে দাব্বাঘ বলেন, তাদের প্রতি কোন অবিচার করা হয়নি এবং প্রথা মেনেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সাদ্দামের মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই সহযোগীর ফাঁসি স্থগিত করতে ইরাক সরকারের প্রতি অনুরোধ জানান।

এর আগে ৩০ ডিসেম্বর সাদ্দামের মৃত্যুদণ্ড কার্যকর এবং তার ফাঁসির ভিডিও প্রচারের পর সারাবিশ্বে তীব্র নিন্দার ঝড় ওঠে। কিন্তু মার্কিন সমর্থিত ইরাকি সরকার সব আবেদন নিবেদন প্রত্যাখ্যান করে তার সহযোগীদেরও ফাঁসি কার্যকর করলো।

আল বন্দরের আইনজীবী বাদিয়া আরিফ জানান, মার্কিন সামরিক কর্মকর্তারা বন্দরের পরিবারকে তার মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য খবর দিয়েছে সোমবার সকালেই। বারজানের মেয়ে আল আরাবিয়া টিভিকে বলেন, তার বাবার মৃত্যু সম্পর্কে তাদেরকে কিছু জানানো হয়নি।

স্থানীয় কর্মকর্তারা জানান, জন্মভূমি তিকরিতের আবজা গ্রামে সাদ্দামের কবরের পাশেই বারজানকে সমাহিত করা হবে।