ইরাক ও আফগানিস্তান নিয়ে আলোচনা করতে যুক্তরাজ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরাক ও আফগানিস্তান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বর্তমানে যুক্তরাজ্য সফরে রয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী রবার্ট গেটস। রোববার ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও প্রতিরক্ষামন্ত্রী দেস ব্রাউনের সঙ্গে বৈঠক করেন তিনি।
ইরাকে মার্কিন সেনা বাড়ানো সংক্রান্ত প্রেসিডেন্ট বুশের ঘোষণার পরপরই গেটস এ সফরে এলেন। যুক্তরাজ্য প্রেসিডেন্ট বুশের নতুন ইরাক নীতিতে সমর্থন জানালেও সেখানে অতিরিক্ত কোনো সৈন্য না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। উল্টো এ বছরের মধ্যে সৈন্য সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা তাদের রয়েছে বলে ব্রাউনে জানান।
রবার্ট গেটস লন্ডনে সাংবাদিকদের বলেন, “ইরাক ও আফগানিস্তান অভিযানে যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত মিত্র।” ওই দুটি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশ নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, “আফগানিস্তানে ইতোমধ্যে আমরা যে সাফল্য পেয়েছি, তা ধরে রাখতে হবে। খবর পেয়েছি, তালেবানরা পুনরায় শক্তি সঞ্চয়ের পরিকল্পনা আঁটছে। তাই আমাদের সতর্কতার সঙ্গে পরিস্থিতির ওপর দৃষ্টি রাখতে হবে।”
এ মাসেই আফগানিস্তান সফরে যাচ্ছেন রবার্ট গেটস। সেখানে পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলার জন্য সেনা কর্মকর্তাদের প্রতি তিনি আহ্বান জানাবেন বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।
