২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাক - ভারত সম্পর্কে নতুন মাত্রার ইঙ্গিত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির পাকিস্তান সফর দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলেই আশাবাদ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন পর ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে এলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 05:20 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সেনা কর্মকর্তা তালাত মাসুদ বলেন, “সম্পূর্ণ নতুন একটি আবহ তৈরি হয়েছে। তাই আমরা আশাবাদী হতেই পারি। এখন অপেক্ষা শুধু তারা কী কী সিদ্ধান্ত নেন।”

দুই দিনের সফরে শনিবার ইসলামাবাদ পৌঁছান প্রণব মুখার্জি। সেদিনই প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ, প্রধানমন্ত্রী শওকত আজিজের সঙ্গে বৈঠক করেন তিনি। তাদের আলোচনায় দীর্ঘদিনের জমে থাকা বরফ গলার ইঙ্গিত দেন উভয় দেশের নেতারাই। শান্তি আলোচনা এগিয়ে নিতে আগামী মাসে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি দিল্লি যাবেন বলে জানা গেছে।

রোববার পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সে আলোচনায় পাকিস্তানের সরকার ও বিরোধী উভয় দলের নেতারাই উপস্থিত ছিলেন।

প্রণব মুখার্জির এ সফরে পরমাণু পরীক্ষার ঝুঁকি হ্রাস, ভিসা প্রদানে কড়াকড়ি শিথিল ও দুই দেশের কারাগারে আটকদের মুক্তির বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে। তাছাড়া পারস্পরিক আস্থা অর্জনের আলোচনার চতুর্থ রাউন্ড আগামী মার্চে শুরুর ব্যাপারে সম্মত হয়েছেন দুই দেশের নেতারা।  এনিয়ে উভয় দেশের কর্মকর্তারা শিগগিরই বৈঠকে বসবেন বলে জানা গেছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সফর দুই রাষ্ট্রের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়াকে অনেকদূর এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন স্বয়ং পারভেজ মোশাররফ। শনিবার পারভেজ মোশাররফ বলেন, “পারস্পরিক আস্থা অর্জনে যে আলোচনার প্রক্রিয়া চলছে তা মতবিরোধ অবসানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের বৈঠকে কাশ্মিরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এর আগে পাকিস্তানে পা রেখেই প্রণব মুখার্জি সাংবাদিকদের বলেন, “শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার ক্ষেত্রে দিল্লি ও ইসলামাবাদ উভয়ের সক্রিয় তৎপরতায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।” তিনি আরো জানান, এ বছরই মনমোহন সিং পাকিস্তান সফরে আসতে পারেন।

রোববার বিকালেই দিল্লি ফেরার কথা রয়েছে প্রণব মুখার্জির।