ভবিষ্যত নিয়ে উৎকণ্ঠিত জাপানিরা
ভবিষ্যতের দিনগুলো নিয়ে জাপানিদের মধ্যে উৎকণ্ঠা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক এক জরিপে দেখা যায়, চাকরি থেকে অবসর নেওয়ার পর জীবন যাপন, অবসর ভাতাসহ আনুষাঙ্গিক বিষয় নিয়ে দুই তৃতীয়াংশ জাপানিই অনিশ্চয়তায় ভুগছেন।
২০০৬ সালের অক্টোবর ও নভেম্বরে মন্ত্রিপরিষদ কার্যালয় পরিচালিত এক জনমত জরিপে অংশগ্রহণকারী ৬৭ দশমিক ৬ ভাগ অবসর জীবন নিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানান। আগের বছরের তুলনায় এ হার ১ দশমিক ২ ভাগ বেশি।
৫৪ ভাগ জাপানির উদ্বেগ অবসরের সময়টা কী করে কাটাবেন। ৪৮ দশমিক ২ ভাগের শঙ্কা স্বাস্থ্য ও অসুখ-বিসুখ নিয়ে।
অবসরের জীবনকে সুন্দর করতে সরকারের কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন- এমন প্রশ্নের জবাবে ৭২ দশমিক ৭ ভাগ বলেছেন, সামাজিক নিরাপত্তা ব্যবস্থার সংস্কার বিশেষ করে অবসরভাতা এবং চিকিৎসা প্রদানের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা উচিত।
সারাবিশ্বে জাপানেই প্রবীণ লোকের সংখ্যা সবচেয়ে বেশি।
