ফরাসি যুদ্ধবিমান কিনছে লিবিয়া
ফ্রান্সের কাছ থেকে যুদ্ধবিমান কিনতে যাচ্ছে লিবিয়া। ৩ শ’ ২৪ কোটি ডলার ব্যয়ে ১৩ থেকে ১৮টি রাফেল ফাইটার জেট লিবিয়া কিনতে চায় বলে ফ্রান্সের ‘জার্নাল দ্য ডিমশ’ নামে একটি সাপ্তাহিক পত্রিকা রোববার জানিয়েছে।
লিবিয়ার সরকারের একটি ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, রাশিয়া থেকে কেনা মিগবিমানগুলো পুরোনো হয়ে পড়ায় নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবেই নতুন করে বিমান কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ পরিকল্পনা চূড়ান্ত হলে রাফাল বিমানের প্রথম বৈদেশিক ক্রেতা হবে লিবিয়া। ১৯৮৬ সালে লিবিয়ার ওপর সামরিক সরঞ্জাম কেনা বেচার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। পরে ২০০৪ সালে তা তুলে নেওয়া হয়।
