২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার জ্বালানি নিরাপত্তার লক্ষ্যে কাজ করবে আসিয়ান

আঞ্চলিক জ্বালানি মজুদ গড়ে তোলা এবং তেলের রিজার্ভ বাড়ানোর অন্যান্য সম্ভাব্যতা যাচাই করে দেখবেন দক্ষিণ--পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের নেতারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 05:45 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এছাড়াও জৈব--জ্বালানির ব্যবহার বাড়ানো এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যেও কাজ করবেন তারা। জোটের পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত এক খসড়া বিবৃতিতে শনিবার একথা বলা হয়।

জোটভুক্ত দেশগুলোর নিজস্ব জ্বালানি মজুদ বাড়ানোর পাশাপাশি চীন, জাপান, ভারতের মতো দেশগুলোকে নিয়ে যানবাহনে ব্যবহার উপযোগী জৈব--জ্বালানির একটি সাধারণ মান নিশ্চিত করা এ ধরনের জ্বালানির বাণিজ্য আরো সহজতর করার লক্ষ্যে কাজ করবে আসিয়ান।

খসড়া ঘোষণায় বলা হয়, আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১০ সদস্যের আসিয়ান জোটের সঙ্গে কাজ করবে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া।

এ বিষয়ে সোমবারের শীর্ষ বৈঠকে আসিয়ান নেতারা একটি যৌথ ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। সরকারিভাবে জ্বালানি মজুদ বাড়ানো এবং দেশগুলোর জ্বালানি অবকাঠামো নির্মাণে বিনিয়োগের ঘোষণাও আসতে পারে চূড়ান্ত বৈঠক থেকে।

গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো এবং নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ানোর জন্য পদক্ষেপ নেবে এ বাণিজ্য জোট। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মতো এ বিষয়ে কোন লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারেননি জোট নেতারা।