এথেন্সে মার্কিন দূতাবাসে রকেট হামলা
গ্রিসের মার্কিন দূতাবাসে শুক্রবার রকেট হামলা হয়েছে। রাজধানী এথেন্সের কেন্দ্রে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনের রাস্তার অপর পাশের একটি ভবন থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ এবং দূতাবাস কর্মকর্তারা। তবে এতে কেউ হতাহত হয়নি। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশটির জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী স্কোয়াড দূতাবাস ঘিরে রেখেছে।
হামলার জন্য বামপন্থী একটি গ্র“পকে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে। গ্রিক মন্ত্রী বায়রন পলিডোরাস ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন,“অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি টেলিফোনের মাধ্যমে দাবি করেছে, ‘রেভ্যুলশনারি স্ট্রাগল’ গ্র“প এ হামলা চালিয়েছে।”
বিস্ফোরণে ভবনটির সামান্য ক্ষতি হয়েছে। পুলিশ জানায়, স্থানীয় সময় ভোর ছয়টার দিকে ২ দশমিক ৬৫ মিলিমিটার দৈর্ঘ্যরে রকেটটি দূতাবাসের তৃতীয় তলার টয়লেটে আঘাত হানে। তবে কোনো লঞ্চারের খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, রকেটটি পূর্ব ইউরোপের কোনো দেশের তৈরি।
ঘটনার পরপরই গ্রিক পররাষ্ট্রমন্ত্রী ডোরা বাকোয়ানি দূতাবাস পরিদর্শনে যান। তিনি বলেন,“ এ ধরনের ঘটনার জন্য অতীতে আমাদের চড়া মূল্য দিতে হয়েছে। তাই ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার।”
মার্কিন রাষ্ট্রদূত চার্লস রায়েস বলেন, “এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। ভাগ্য ভালো কেউ হতাহত হয়নি।”
স্থানীয় লোকজন জানান, বিস্ফোরণের প্রচণ্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের বিভিন্ন ভবনের জানালার কাঁচ চৌচির হয়ে যায়।
ঘটনার পর থেকেই দূতাবাস ঘিরে ফেলে অসংখ্য পুলিশসহ নিরাপত্তা কর্মীরা। দূতাবাসের সামনের পথসহ চারদিকের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আকাশে টহল দিচ্ছে পুলিশের হেলিকপ্টারগুলো।
এর আগে ১৯৯৬ সালে বামপন্থী ‘নভেম্বর ১৭’ গ্র“প মার্কিন দূতাবাসে রকেট হামলা চালিয়েছিল। ওই হামলায় দূতাবাসের পেছনে রাখা বেশ কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ২০০৪ সালে তাদের বোমা ও রকেট হামলায় গ্রিসে মার্কিনসহ বেশ কয়েকজন কূটনীতিক নিহত হন।
