সোমালিয়ার প্রেসিডেন্ট ভবনে গোলাগুলি
মোগাদিসুতে প্রেসিডেন্ট ভবনে শুক্রবার গোলাগুলিতে কমপক্ষে দুই জন নিহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, এক দল গেরিলা ভবনে ঢুকতে গেলে গেটে রক্ষীরা তাদের বাধা দেয়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরকারের মুখপাত্র আবদুর রহমান দিনারি জানিয়েছেন, নিরাপত্তা রক্ষীদের গুলিতে দুই গেরিলা নিহত ও অপর চার জন আহত হন। তবে নিরাপত্তা রক্ষীদের দাবি, তারা নয় গেরিলাকে হত্যা করেছে।
রহমান দিনারি জানান, যুদ্ধবাজ নেতা মোহাম্মদ কানইয়ার ও ওমর ফিনিশের বাহিনীর লোকজন জোর করে প্রাসাদে ঢুকতে গেলে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে সোমালিয়া ও ইথিওপীয় বাহিনীর কেউ হতাহত হয়নি বলে দাবি করেন দিনারি। তবে সৈন্যরা জানিয়েছে, তাদের বেশ কয়েকজন সহযোদ্ধা আহত হয়েছে।
সংঘর্ষের সময় প্রেসিডেন্ট আবদুল্লাহ ইউসুফ বিভিন্ন রাজনৈতিক ও গোত্র প্রধানদের সঙ্গে প্রাসাদে বৈঠক করছিলেন। তিনি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তাদের সহায়তা কামনা করেন। ইসলামপন্থীরা মোগাদিসু দখলের আগ পর্যন্ত কানইয়ার ও ওমর বাহিনী ইউসুফ সরকারের বিরোধিতা করে আসছিল।
