২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এথেন্সে মার্কিন দূতাবাসে রকেট হামলা

গ্রীসের মার্কিন দূতাবাসে শুক্রবার রকেট হামলা হয়েছে। রাজধানী এথেন্সের কেন্দ্রে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে রাস্তার অপর পাশের একটি ভবন থেকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন পুলিশ এবং দূতাবাস কর্মকর্তারা। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দেশটির জাতীয় নিরাপত্তা এবং সন্ত্রাস-বিরোধী স্কোয়াড ভবনটি ঘিরে রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 01:00 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কেন এ হামলা চালানো হয়েছে সে বিষয়ে কিছু বলতে পারেননি কর্মকর্তারা। এখন পর্যন্ত হামলার দায়িত্ব স্বীকার করেনি কেউ। বিস্ফোরণে ভবনটির সামান্য ক্ষতি হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, “রকেটটি নিক্ষেপ করা হয় রাস্তার অন্যপাশের একটি ভবন থেকে। রকেটটি দূতাবাসের চতুর্থ তলার একটি টয়লেটে এসে পড়ে,” । অন্যদিকে হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন দূতাবাসের একজন মুখপাত্র।

ঘটনার পর থেকেই দূতাবাস ঘিরে রেখেছে অসংখ্য পুলিশ অন্যান্য নিরাপত্তা কর্মীরা। দূতাবাসের সামনের প্রধান পথসহ চারদিকের রাস্তা বন্ধ করে দিয়েছে পুলিশ।

রাষ্ট্রীয় টিভিতে ঘটনার বর্ণনা দিয়েছেন স্থানীয় লোকজন। তারা জানান, বিস্ফোরণের প্রচন্ড শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের বিভিন্ন ভবনের জানালার কাঁচ ফেটে যায় এ সময়।

গ্রীসের বামপন্থী ‘নভেম্বর সেভেনটিন গ্র“প’ এর আগে দেশটিতে মার্কিন ও অন্য বিদেশী দূতাবাসের কর্মকর্তাদের হত্যা করেছিল।