পুরুষ শিক্ষক আর নয় !
দিল্লিতে মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে আর কোনো পুরুষ শিক্ষককে রাখা হবে না। দিল্লি মিউনিসিপাল করপোরেশনের শিক্ষা বিভাগের পরিচালক ইন্দিরা যাদব শুক্রবার একথা জানান।
বেশকিছু যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
ইন্দিরা যাদব বলেন, “আমি একথা বলতে পারব না যে, সব পুরুষ শিক্ষককে আমরা অবিশ্বাস করছি। কিন্তু গত দু’বছরে আমরা তিন চারটা অভিযোগ পেয়েছি। তাই সতর্কতার খাতিরেই মেয়েদের প্রাথমিক বিদ্যালয় থেকে পুরুষ শিক্ষকদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি জানান, আগামী তিন মাসে বিদ্যালয়গুলো থেকে পুরুষ শিক্ষকদের স্থলে নারী শিক্ষকদের নিয়োগ দেওয়া হবে। দিল্লি মিউনিসিপাল করপোরেশনের অধীনে প্রায় ১,২০০ সহ-শিক্ষা বিদ্যালয় ও মেয়েদের বিদ্যালয় রয়েছে।
এদিকে কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি টিচার্স এসোসিয়েশেনের সাধারণ সম্পাদক রাম কুমার পালিওয়াল। তিনি বলেন, “এটা পুরুষ শিক্ষকদের জন্য মারাত্মক অপমানজনক। ভাল-মন্দের প্রকৃত শিক্ষা না দিয়ে এ ঘটনার মাধ্যমে ভুল বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছে।”
স্টেটসম্যান পত্রিকা জানায়, টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশেন এ সিদ্ধান্তের আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবে।
