২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের সিদ্ধান্তে ডেমোক্রেটদের তীব্র প্রতিক্রিয়া

ইরাকে অতিরিক্ত সেনা মোতায়েনে প্রেসিডেন্ট বুশের সিদ্ধান্তের তীব্র সমালোচনায় মুখর হয়েছেন ডেমক্রেটরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 01:43 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কংগ্রেসের প্রতিনিধিপরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি, ডেমোক্রেট নেতা হ্যারি রিড, স্টেনি হোয়ের, ডেমোক্র্যাট দলের সিনেট উপনেতা রিচার্ড ডারবিন এক যৌথ বিবৃতিতে বলেন, “সামনের দিনগুলোতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের সাংবিধানিক দায়িত্ব পালনের বিষয়ে আরো মনোযোগী হবে। বুশের নতুন ইরাক নীতি এবং সেখানে সৈন্য সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জনমত জরিপের মতো বিষয়গুলোকে আমরা প্রাধান্য দেব। আমরা বুশের কাছে অমীমাংসিত ও আলোচিত ইস্যুতে আমাদের প্রশ্নের যথার্থ উত্তর আশা করি। ইরাকে মার্কিন নীতির পরিবর্তন দেখতে চায় আমেরিকার জনগণ। ইরাক ইস্যুতে মার্কিন জনগণের ইচ্ছা বাস্তবায়নে সম্মত করতে বুশের ওপর নানাভাবে চাপ প্রয়োগ অব্যাহত রাখা হবে।”

সংকট নিরসনে ইরাকে সৈন্য বাড়ানোর চেয়ে কূটনৈতিক তৎপরতার ওপরই বেশি জোর দিচ্ছেন ম্যাসাচুসেটসের ডেমোক্র্যাট সিনেটর এডওয়ার্ড কেনেডি।

ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী সিনেটর বারাক ওবামা ইরাকে আরো সেনা পাঠানোর সিদ্ধান্তকে হিসেবে অভিহিত করে বলেন, “আমরা বুশের গৃহিত ইরাক নীতি ও কৌশল এবং সেখানে সৈন্য পাঠানোর বিরোধিতা করি এবং এ ধরনের সিদ্ধান্ত আমেরিকানদের জন্য খারাপ পরিণাম বয়ে আনবে।”

এদিকে, প্রেসিডেন্ট পদে রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী সাবেক গভর্নর মিট রোমনে মনে করেন, ইরাকের ক্রমবর্ধমান সহিংসতা ও সংঘাত মোকাবেলায় নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের কোনো বিকল্প ছিল না। তিনি বলেন, “যত শীঘ্র বাগদাদে পাঁচ ব্রিগেড এবং বিক্ষুব্ধ আল-আনবার প্রদেশে দুই রেজিমেন্ট সৈন্য মোতায়েন করা হবে, আমাদের সফলতা অর্জন তত দ্রুততর ও সহজ হবে।”

প্রতিনিধি পরিষদে রিপাবলিক দলের হুইপ রয় ব্লান্ট বলেন, “এমন কোন বুলেট নেই, যা ইরাকে আমাদের অভিযান পরিচালনা ও লক্ষ্যে পৌঁছানো আরো সহজ করে দেবে। বুশের নতুন ইরাক নীতি ইরাকে স্থিতিশীলতা আনবে এবং আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দেবে বলেই আমাদের বিশ্বাস।”

হার্ভার্ডের বেলফার সেন্টারের সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল আফেয়ার্সের সিনিয়র ফেলো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল কেভিন রায়ান বলেন, “প্রেসিডেন্টের ঘোষিত পরিকল্পনায় খুব বেশি নতুন কিছু নেই। দু’একটি বিষয়ে নতুনত্ব রয়েছে। যেমন, ইরাকি সরকারকে সতর্ক করে দেওয়া। সৈন্য সংখ্যা বাড়ানো নতুন কিছু নয়। তবে যদি সেখানে দীর্ঘ মেয়াদে সেনা মোতায়েন থাকে তবে তা পেন্টাগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে।”     

নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির রাজনীতি বিশ্লেষক অ্যান্ড্রু টেইলর মনে করেন, বুশের ইরাক কৌশল আমেরিকানদের মনে ব্যাপক সন্দেহ ও দোদুল্যমানতা তৈরি করছে। বুশের এই নীতি ও কৌশলের আসলে শেষ কোথায় এবং তার ফলাফল কী হবে তা নিয়ে মার্কিন জনগণ পুরোপুরি দ্বিধা বিভক্ত। আর এজন্য রিপালকিনাদের যথেষ্ট মূল্য দিতে হবে বলেই তার ধারণা।