২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে চেষ্টা চালাব: বান কি মুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদারে যথাসাধ্য চেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন জাতিসংঘের নতুন মহাসচিব বান কি মুন। বুধবার নিউ ইয়র্কে এক সভায় তিনি এ ঘোষণা দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 01:16 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

পাশাপাশি জাতিসংঘের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় করার জন্য ব্যবসায়ীদের প্রতিও আহ্বান জানান বান কি মুন। মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘ সদর দপ্তরের বাইরে কোনো অনুষ্ঠানে বান কি মুনের এটাই প্রথম ভাষণ। ব্যবসায়ী নেতাদের সঙ্গে সভায় জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ এবং কর্পোরেট সংস্থাগুলোর লক্ষ্য অনেকটাই অভিন্ন এবং বিভিন্ন বিষয়ে একে অন্যের উপর নির্ভরশীল।

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক জোরদারে যথাসাধ্য চেষ্টা করা হবে বলে ব্যবসায়ী নেতাদের তিনি আশ্বাস দেন। পাশাপাশি প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে সাক্ষাৎ করতে আগামী সপ্তাহে ওয়াশিংটন সফরে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

তিনি বলেন,“যুক্তরাষ্ট্রের যথাযথ অংশগ্রহণ ছাড়া জাতিসংঘের পক্ষে কাজ করা সম্ভব না। তাই মহাসচিব হিসেবে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করব আমি।”

প্রসঙ্গত জাতিসংঘের অব্যবস্থাপনা এবং নিরাপত্তা পরিষদের সমর্থন ছাড়াই যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক অভিযানের জন্য সদ্ব্যবিদায়ী মহাসচিব কফি আনান প্রেসিডেন্ট বুশকে অভিযুক্ত করায় সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে সম্পর্কের বেশ অবনতি ঘটে।