ইরাকে আরো আগে অতিরিক্ত সৈন্য না পাঠানো ছিল ভুল: বুশ
ইরাকে আরও ২১ হাজার ৫০০ সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ। বুধবার এক টিভি ভাষণে তিনি এ ঘোষণা দেন। তিনি স্বীকার করেন, ইরাকে আরো আগে অতিরিক্ত সৈন্য না পাঠিয়ে তিনি ভুল করেছেন।
প্রেসিডেন্ট বুশ বলেন, “ইরাকের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রের জনগণের মতো আমার কাছেও গ্রহণযোগ্য নয়। সেখানে অনেক ভুল হয়েছে, আর সে দায় নিতে হবে আমাকেই।”
তিনি বলেন, স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরাকি কর্তৃপক্ষের ওপর চাপ অব্যাহত থাকবে। ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে আমি জানিয়ে দিতে চাই, সেখানে মার্কিন সেনারা অনন্তকাল থাকবে না।”
বুশ বলেন, “যুক্তরাষ্ট্রের নতুন কৌশল হবে ইরাকি বাহিনীকে দক্ষ করে তোলা। যাতে তারা ১৮ টি প্রদেশে নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিতে পারে। আর তাই এ বছর আমাদের আরো দায়িত্ব সচেতন ও ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।”
বাগদাদে নিরাপত্তা রক্ষায় ব্যর্থতার জন্য অপ্রতুল সৈন্য সংখ্যাকেই দায়ী করেন প্রেসিডেন্ট বুশ। পাশাপাশি সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য তিনি অভিযুক্ত করেন ইরান ও সিরিয়াকে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরাকে যদি যুক্তরাষ্ট্র ব্যর্থ হয়, তাহলে ওই অঞ্চলে সন্ত্রাসীরা সবার মাথায় চড়ে বসবে। এবং তারা সৌদি আরব, মিশর, জর্ডানসহ অন্যান্য দেশগুলোর প্রতি হুমকি হিসেবে আবির্ভূত হবে।”
ইরাকে সৈন্য সংখ্যা বৃদ্ধির ঘোষণা দিলেও কবে নাগাদ অতিরিক্ত সেনাদের ইরাকে পাঠানো হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট বুশ কিছুই বলেননি। সৈন্য সংখ্যা বৃদ্ধির কারণে আরো সাড়ে ৫ শ’ কোটি ডলার মঞ্জুরের জন্য কংগ্রেসে আবেদন জানাতে যাচ্ছেন তিনি।
এদিকে জর্জ বুশের ভাষণ সম্প্রচারের সময় অর্ধশতাধিক লোক হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করে। তারা যুদ্ধ ও বুশ বিরোধী নানা স্লোগান দেয়।
