নতুন মেয়াদে শপথ নিলেন হুগো শাভেজ
নতুন মেয়াদে ছয় বছরের জন্য শপথ নিলেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ। হয় সমাজতন্ত্রের পথে এগিয়ে চলা, নয় মৃত্যু- শপথ অনুষ্ঠানের পর বুধবার এ বাক্যটিই উচ্চারিত হল কট্টর মার্কিনবিরোধী বামপন্থী এ নেতার কণ্ঠে।
গত ডিসেম্বরে নির্বাচনে ৬৩ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন হুগো শাভেজ। বিজয়ী হওয়ার পর কিউবা মডেলে ‘এক দেশ -- এক দল’ নীতিতে রাষ্ট্র সাজানোর পরিকল্পনার কথা জানান তিনি। সেই সঙ্গে অবশ্য বিরোধীদের প্রতি সহনশীলতা প্রদর্শনের আশ্বাস বাণীও প্রকাশ করা হয়।
নতুন মেয়াদেও রাষ্ট্রীয় মালিকানার পথে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন হুগো শাভেজ। পাশাপাশি বিচার বিভাগ ও সেনাবাহিনীতে তার সমর্থকদের বাইরে কারো স্থান দিতেও নারাজ তিনি। এক্ষেত্রে তার যুক্তি, পুঁজিবাদী শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্রের মোকাবেলায় তার আরো শক্তি প্রয়োজন।
তবে বিরোধী দলের নেতা ম্যানুয়েল রোজালেস বলছেন,“ তার(শাভেজের) কথা শুনলে মনে হয়, তিনি দেশের প্রভূ। তিনি ভেনেজুয়েলাকে এক অন্ধকার ভবিষ্যতের পানে ঠেলে দিচ্ছেন।”
