রাজনীতিকে বিদায় জানাচ্ছেন থাকসিন
অবশেষে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তনিয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। রক্তপাতহীন সেনা অভ্যূত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার চার মাস পর এ সিদ্ধান্ত নিলেন তিনি। তার আইনজীবী বুধবার একথা জানান।
আইনজীবী নোপপাদান পাতামা সাংবাদিকদের বলেন, “ রাজনীতি থেকে সরে দাঁড়াতে চান থাকসিন। আবারও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা তার নেই, তাই আগামী সাধারণ নির্বাচনেও অংশ নেবেন না তিনি।”
তবে পাতামা জানান, প্রধানমন্ত্রী হতে না চাইলেও তার প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘থাই রাক থাই-য়ের’ একজন সদস্য হিসেবে থাকবেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, ‘থাকসিন তার দলের সদস্য হয়ে থাকবেন’ একথার অর্থ হল পরোক্ষভাবে হলেও রাজনীতিতে থাকতে চান এবং সুসময়ের জন্য অপেক্ষা করতে চান থাকসিন। খুব শিগগির না হলেও থাকসিন দেশেই ফিরে আসতে চান বলে মনে করেন তার ঘনিষ্ঠজনেরা।
থাই কর্তৃপক্ষ সম্প্রতি থাকসিন এবং তার স্ত্রীর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছেন। ফলে বিদেশে একজন সাধারণ নাগরিক হিসেবেই ভ্রমণ করতে হবে থাকসিনকে।
