২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় আবারো মার্কিন হামলা, জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বুধবারও বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সে দেশের সরকারের এক সূত্র এ কথা জানিয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতায় জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের বিভিন্ন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 05:26 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সোমালিয়া সরকারের এক সূত্র বুধবার রয়টার্সকে বলেন, “ আমরা যখন এখানে কথা বলছি, তখন দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু মার্কিন বিমান হামলা চলছে। মূলত হামলা হচ্ছে কেনিয়া সীমান্তবর্তী রাস কামবোনি এলাকায়। ওই এলাকায় এখনো ইসলামপন্থীরা লুকিয়ে আছে। ”

আল কায়েদার বিস্ফোরক বিশেষজ্ঞ আবু তালহা আল সুদানি লুকিয়ে আছেÑএই অজুহাতে যুক্তরাষ্ট্র সোমবার সোমালিয়ায় বিমান হামলা চালায়। ওই হামলায় অনেক গ্রামবাসী নিহত হওয়ার খবর জানান সোমালিয়া সরকারের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের দাবি, ওই গ্রামে ঘাঁটি গেড়েছিল ইসলামি বাহিনী। এদের মধ্যে ঘাঁপটি মেরে থাকা আল কায়েদা সদস্যকে হত্যার লক্ষ্যেই হামলা চালানো হয়েছে।

একই এলাকায় পরদিনও মার্কিন বাহিনী বিমান চালায় বলে দাবি করে স্থানীয় এক গোত্র প্রধান। তবে তার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

সোমালিয়ায় মার্কিন হামলায় সমালোচনায় মুখর হয়েছেন জাতিসংঘের নতুন মহাসচিব বান কি মুন। জাতিসংঘের মুখপাত্র মিখাইল মন্তাজ বলেন, “সোমালিয়ার সর্বশেষ পরিস্থিতিতে মহাসচিব বেশ উদ্বিগ্ন। তার মতে, এ ধরনের ঘটনা নতুন করে সংঘাতের জন্ম দেবে। যা শুভ ফল বয়ে আনবে না।”

মার্কিন হামলার বিরোধিতা করেছে ইতালি ও ইউরোপীয় ইউনিয়নও। ইতালির পররাষ্ট্রমন্ত্রী মাসিমো ডি আলেমা বলেন, “এ ধরনের হামলা সেখানে সংঘর্ষে নতুন মাত্রা যোগাবে।”

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এবিসি টিভি জানিয়েছে, স্থলযুদ্ধে ইথিওপীয় বাহিনীর সঙ্গে মার্কিন সেনারাও অংশ নিচ্ছে। তবে ইথিওপিয়া এ খবর নাকচ করে দিয়ে বলেছে, “মার্কিন বাহিনীর তৎপরতা বিমান ও নৌ পথেই মধ্যেই সীমাবদ্ধ।”

এদিকে ইথিওপীয় সৈন্য প্রত্যাহারের পর যেন শূন্যতা সৃষ্টি না হয়, সে জন্য আফ্রিকান ইউনিয়নের সহায়তা কামনা করেছেন সোমালিয়ার প্রেসিডেন্ট আবদুল্লাহ ইউসুফ ও প্রধানমন্ত্রী আলী মোহাম্মদ।

রাজধানী মোগাদিসুতে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। বুধবারও সেখানে গুলির শব্দ পাওয়া গেছে। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, “এক হতভাগা তরুণের লাশ রাস্তায় পড়ে থাকলেও তা উদ্ধারের জন্য কাউকে পাওয়া যায়নি।”