২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাবলম্বী হতে চাওয়ায় পাকিস্তানে বোনকে গুলি করে হত্যা

বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষে শিক্ষক হতে চেয়েছিল পাকিস্তানের নাহিদা। নিজের খরচ যোগাতে ছাত্রাবস্থাতেই চাকরি করত সে। কিন্তু ধর্মীয় গোঁড়ামির নির্মম শিকার হয়ে নিজের ভাইয়ের গুলিতে প্রাণ হারালো ২২ বছরের নাহিদা বিবি। পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে রবিবার এ মর্মান্তিক হত্যাকান্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 07:45 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নাহিদার ভাই গুল শাহজাদ একজন ফল ব্যবসায়ী। ঘাতক শাহজাদ এ হত্যাকান্ডের জন্য মোটেও অনুতপ্ত নয় বরং “পরিবারের সম্মান রক্ষা করতেই নাহিদাকে হত্যা করা হয়েছে” বলে জানিয়েছে সে। প্রদেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আফজাল একথা জানান।

নাহিদা রাওয়ালপিন্ডিতে ‘ইংরেজিতে বিএ’ পড়ছিল এবং সেখানকার একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানে খন্ডকালীন চাকরিরত ছিল বলে জানিয়েছে তার আত্মীয়রা। ঈদের ছুটি শেষে মানশেরা শহরের কাছে নিজ গ্রাম থেকে রোববার রাওয়ালপিন্ডিতে যেতে বাসের জন্য অপেক্ষা করছিল নাহিদা। সেখানে হাজির হয়ে পরপর তিনবার গুলি করে তাকে হত্যা করে বড় ভাই শাহজাদ।

পুলিশের কাছে আত্মসমর্পনের পর শাহজাদ চিৎকার করে বলতে থাকে যে, “সে আমাকে ও আমার বাবাকে অমান্য করত।  কর্মফল হিসেবে আল্লাহর কাছ থেকে নির্ধারিত নিয়তিকেই বরণ করেছে নাহিদা”।

নাহিদার মা পুলিশকে বলেছেন, “নাহিদা অত্যন্ত খোদাভীরু ও ধার্মিক ছিল। লেখাপড়া শেষে শিক্ষক হতে চেয়েছিল সে।”