সাদ্দামের নতুন ভিডিওচিত্র ইন্টারনেটে বিবিসি
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদন্ডের দৃশ্যের নতুন একটি ভিডিওচিত্র প্রচার করা হয়েছে ইন্টারনেটে।
নতুন এ ভিডিওচিত্রে সাদ্দাম হোসেনের লাশ স্ট্রেচারে শোয়ানো অবস্থায় দেখানো হয়েছে বলে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি) তাদের আরবী ওয়েবসাইটে জানিয়েছে।
পবিত্র ঈদুল আযহার দিনে সাদ্দামকে ফাঁসি দেওয়ার পর এটি ইন্টারনেটে প্রচারিত দ্বিতীয় ভিডিও চিত্র।
আধা মিনিটেরও কম সময়ের এ ভিডিও চিত্রের বর্ণনা দিতে গিয়ে বিবিসি জানিয়েছে,“ক্যামেরা যখন কাছাকাছি নিয়ে আসা হয় তখন সাদ্দামের মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে নেওয়া হয় যাতে করে তার মুখের রক্ত ও গলায় ফাঁসের ক্ষত স্পষ্টভাবে বোঝা যায়।”
এর আগে ইরাকে সরকারিভাবে যে ভিডিও চিত্র প্রচার করে তাতে দেখা যায় সাদ্দাম মাথা ঢাকতে অস্বীকৃতি জানাচ্ছেন। এ অবস্থাতেই তার গলায় ফাঁসির দড়ি পরানো হয়।
