২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে গুয়ানতানামো বিরোধী বিক্ষোভে কিউবায় সিনডি শিহান

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে গুয়ানতানামো বন্দিশালা বন্ধ করার দাবিতে আয়োজিত সমাবেশে যোগ দিতে শনিবার হাভানায় পৌঁছেছেন ইরাক যুদ্ধে সন্তান হারা যুদ্ধবিরোধী প্রতিবাদকর্মী সিনডি শিহান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 01:50 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

সিনডির সঙ্গে এ সফরে কিউবায় পৌঁছেছেন আরো চার আমেরিকান শান্তিকর্মী। গুয়ানতানামো বন্দিশালা বন্ধের দাবিতে পরিকল্পিত আন্তর্জাতিক প্রতিবাদের অংশ হিসেবে কিউবার পূর্বাঞ্চলে আয়োজিত একটি সমাবেশে অংশ নেবেন তারা। সেখানে সমাবেশ শেষে গুয়ানতানামো বন্দিশালার দিকে পদযাত্রায় যোগ দিবেন এ পাঁচ মার্কিনিসহ আরো ১০ জন খ্যাতনামা যুদ্ধবিরোধী কর্মী।

যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ লাইসেন্স ছাড়া কিউবা সফর করায় প্রচলিত আইন অনুসারে শাস্তি ভোগ করতে হতে পারে মার্কিনি প্রতিবাদকর্মীদের।

এ প্রসঙ্গে কিউবায় পৌঁছেই সিনডি সাংবাদিকদের বলেন,“আমি ভীত নই। সবচেয়ে বড় বিষয় হল আমার দেশ বড় রকমের একটি ভুল করছে।”

তিনি আরো বলেন,“শাস্তির ব্যাপারে উদ্বিগ্ন থাকলে আমি কিছুই করতে পারবনা। আমার মনে হয় এখন সময় এসেছে কারাগার বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার।” 

কিউবা সরকার দীর্ঘদিন ধরেই এ কারাগারের বিরোধিতা করে আসছিল এবং নিজদেশে এ মহড়ায় অংশ নিতে যুদ্ধবিরোধীদের অনুমতি দিয়েছে তারা ।

গত বছরের ডিসেম্বরে পেন্টাগন জানায় ২০০২ সালে যখন এ বন্দিশালা প্রতিষ্ঠা করা হয় তখন এতে ৭৭০ জন বন্দি থাকলেও বর্তমানে সেখানে ৩৯৫ জন রয়েছে।

মহড়ায় অংশগ্রহণকারীদের সাথে ব্রিটিশ নাগরিক আসিফ ইকবালও যোগ দেবেন। কোন অভিযোগ ছাড়াই দুবছর ওই কারাগারে বন্দি রাখার পর সম্প্রতি  আসিফকে মুক্তি দেওয়া হয়।

আন্দোলনকারীদের একজন এ্যান রিট বলেন,“আমেরকিার নাগরিক হিসেবে আমরা এখানে এটি জানাতে এসেছি যে কারাগারটি এখন বন্ধ করা প্রয়োজন।”

ইরাক আক্রমনের প্রেক্ষিতে যুক্তারাষ্ট্র সেনাবাহনীর সাবেক কর্ণেল এবং কূটনীতিবিদ এ্যান অবসর গ্রহণ করেন।