ইরাকে মার্কিন সেনাপতি পরিবর্তন করলেন গেটস
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ইরাকে নিযুক্ত মার্কিন বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য দুজন নতুন কমান্ডারের নাম সুপারিশ করেছেন। পেন্টাগন শুক্রবার একথা জানিয়েছে।
মার্কিন কংগ্রেসে বৃহষ্পতিবার ডেমোক্রেটদের নিয়ন্ত্রণ গ্রহণের পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হল। কংগ্রেসে ডেমোক্রেট প্রাধান্যের কারণে বুশের যুদ্ধনীতিতে পরিবতর্নের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে ইরাকে মার্কিন সেনাপতি পরিবর্তনের ঘটনাকে।
ইরাকে মর্কিন বাহিনীর প্রধান হিসেবে সেনাবাহিনীর লে. জেনারেল ডেভিড পেট্রাইউসের নাম সুপারিশ করেছেন গেটস । জেনারেল জর্জ ক্যাসির স্থলাভিষিক্ত হবেন ডেভিড ।
এছাড়াও জেনারেল জন আবিজাইদের পরিবর্তে এডমিরাল উইলিয়াম ফালোনের নাম বলেছেন গেটস। আবিজাইদ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড (ইরাক, আফগানিস্তান সহ মধ্যপ্রাচ্যে সেনাবাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য আঞ্চলিক প্রধান কার্যালয়) এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আবিজাইদ শীঘ্রই অবসর গ্রহণ করবেন।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে যে, প্রেসিডেন্ট বুশের সঙ্গে বিস্তারিত আলোচনার পরই গেটস এসব সুপারিশ করেছেন।
