নিখোঁজ বিমান খুঁজতে বিদেশী সহায়তা নিচ্ছে ইন্দোনেশিয়া
১০২ আরোহীসহ নিখোঁজ বিমানটি খুঁজে বের করতে বিদেশী সহায়তা নিচ্ছে ইন্দোনেশিয়া। ৪ দিন ধরে নিখোঁজ অ্যাডাম এয়ারের বিমানটি খুঁজে বের করতে বৃহষ্পতিবার সিঙ্গাপুরের ২টি ফকার-৫০ বিমান যোগ দিয়েছে ইন্দোনেশিয়ার সেনাবাহিনীর সঙ্গে।
ইন্দোনেশিয়ার কর্মকর্তারা বুধবার জানান উদ্ধার অভিযানে সহায়তা করার প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। উদ্ধারকাজে নিয়োজিত থাকা বিমান বাহিনীর লেফট্যানেন্ট কর্নেল ফিরদৌস শামসুদ্দিন বলেছেন, যতো বেশী লোক উদ্ধার অভিযানে যোগ দিবে ততো দ্রুত বিমানটি খুঁজে বের করা সম্ভব হবে।
সামরিক ও বেসামরিক বিমান নিয়ে দুদিন ধরে সুলাওয়েসি দ্বীপের পার্বত্য বনাঞ্চল এবং উপকূলীয় এলাকা চষে ফেলছে অনুসন্ধান দলগুলো। একইসঙ্গে সুলাওয়েসি দ্বীপ ও বোর্নিওর মধ্যবর্তী মাকাসার প্রণালীতে চলছে নৌবাহিনীর উদ্ধার তৎপরতা। কিন্তু এখনও ভারী বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস চলতে থাকায় বিঘিœত হচ্ছে অনুসন্ধান কাজ। কোনরকম যান চলাচলের ব্যবস্থা না থাকায় পার্বত্য অঞ্চলের গভীরে স্থলপথে কোন অনুসন্ধান চালানো সম্ভব হচ্ছে না।
এদিকে দেশটির প্রেসিডেন্ট সুসিলো ব্যামব্যাং যুধোইনো অ্যাডাম এয়ারের ঘটনা তদন্তসহ বাণিজ্যিক পরিবহন বিমানগুলোর বর্তমান অবস্থার একটি সামগ্রিক তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
