মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন নেগ্রোপন্টে : রিপোর্ট
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার শীর্ষ পদটি শিগগিরই ত্যাগ করবেন জন নেগ্রোপন্টে। তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিতীয় শীর্ষ অর্থাৎ উপ-পররাষ্টমন্ত্রী পদে যোগ দিতে যাচ্ছেন। মার্কিন কর্মকর্তারা বুধবার এই তথ্য জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসছে। তবে নেগ্রোপন্টে কত তাড়াতাড়ি বর্তমান পদ ছাড়তে পারবেন তা স্পষ্ট নয়। কারণ তার দায়িত্বভার তুলে নিতে জাতীয় গোয়েন্দা সংস্থায় তার কোন সহকারীকে এখনও প্রস্তুত করা হয়নি।
নেগ্রোপন্টের নতুন দায়িত্বের ব্যাপারে কোন মন্তব্য করেনি তার অফিস। উপ-পররাষ্ট্রমন্ত্রী পদে তার নিয়োগ ডেমোক্রেট নিয়ন্ত্রিত সিনেটে অনুমোদিত হতে হবে। গত জুন থেকে এ পদে কেউ নেই। রবার্ট জোয়েলিক একটি শীর্ষ বিনিয়োগ ব্যাংকে যোগ দিতে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গত বছর নেগ্রোপন্টেকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে নিয়োগ দেন।
এনবিসি নিউজ জানিয়েছে, নেগ্রোপন্টের স্থলাভিষিক্ত হতে পারেন ১৯৯২ থেকে ’৯৬ পর্যন্ত জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালকের দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত এডমিরাল মাইক ম্যাককনেল।
প্রসঙ্গত, ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের সব ফেডারেল গোয়েন্দা সংস্থাগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসার জন্য গঠন করা হয় জাতীয় গোয়েন্দা সংস্থা। এর প্রথম পরিচালক হন নেগ্রোপন্টে। তবে ডেমোক্রেট ও রিপাবলিকান উভয় দলই কংগ্রেসে তার বিরুদ্ধে সিআইও ও এফবিআইসহ সব গোয়েন্দা সংস্থার স্থবিরতা দূর করার ব্যর্থতার অভিযোগ এনে সমালোচনা করে। এর আগে তিনি ইরাকে মার্কিন রাষ্টদূত ছিলেন।
