২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাদ্দামের ফাঁসির অবৈধ ভিডিওটি দেখেননি বুশ

সাদ্দামের হোসেনে ফাঁসি কার্যকরের অবৈধ ভিডিও চিত্রটি দেখেননি মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। কারণ তিনি ইরাকের সামনে এগিয়ে যাওয়ার বিষয়েই মনোযোগ নিবদ্ধ রেখেছেন। হোয়াইট হাউজ থেকে বুধবার বলা হয়েছে এ কথা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 04:36 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওটি প্রচারিত হওয়ার পর বিশ্বজুড়ে সমালোচনা ও বিতর্কের  ঝড় উঠেছে। এ ব্যাপারে হোয়াইট হাউজের মুখপাত্র টনি øো বলেন, “আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা উপলব্ধি করা যে দীর্ঘ বিচার কাজ চলার পরই সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছে। প্রকাশ্যে চলা এই বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলা হয়েছে।”

তিনি আরো বলেন, “মনে হচ্ছে সব উদ্বেগ-উৎকন্ঠা তৈরি হয়েছে সাদ্দামের জীবনের শেষ দুই মিনিট নিয়ে। কিন্তু তার জীবনের আগের ৬৯টি বছর নিয়ে তেমন আলোচনা নেই। ব্যাপারটি খুবই কৌতুহলোদ্দীপক। ওই ৬৯ বছরে তিনি যে শত শত মানুষকে হত্যা করছেন তার জন্যইতো তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।”   

এর আগে, হোয়াইট হাউজের আরেক মুখপাত্র স্কট স্টানজেল বলেন, বুশ ইরাককে সামনে এগিয়ে নেওয়ার বিষয় নিয়ে ব্যস্ত আছেন। ভিডিও দেখার বিষয়টি মুখ্য না হওয়ায় তিনি তা দেখেননি।

এদিকে একজন ইরাকি কর্মকর্তা বুধবার বলেন, অবৈধভাবে ধারণ করা ওই ভিডিওটির ব্যাপারে বেশ কয়েকজন প্রহরীকে জিজ্ঞাসাবাদের পর একজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।