২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিআইর তদন্তে গুয়ানতানামোয় কোরান অবমাননার ঘটনা

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইর তদন্তেই বের হয়ে এসেছে গুয়ানতানামো বে কারাগারে মার্কিন সেনা কর্মকর্তাদের পবিত্র কোরান অবমাননার ঘটনা। তাদের রিপোর্টে জানানো হয়েছে, বন্দিদের প্রতিক্রিয়া দেখতে এক সেনা কর্মকর্তা কোরানের ওপর হাঁটুগেড়ে বসে পড়ে। যন্ত্রণা ও ক্ষোভে উন্মত্ত আচরণ করতে থাকে বন্দিটি। ২০০২ সালের অক্টোবরে ঘটে এই বীভৎস ঘটনা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 12:28 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

২৪৪ পৃষ্ঠার রিপোর্টটি মঙ্গলবার এফবিআইর নিজস্ব ওয়েব সাইটে প্রকাশ করা হয়েছে। এফবিআই গুয়ানতানামো বে কারাগারে বিভিন্ন সময়ে কর্মরত তাদের প্রায় ৫০০ এজেন্টের কাছে জানতে চায় বন্দিদের ওপর অসদাচারণ বা  আগ্রাসী জিজ্ঞাসাবাদ কৌশল গ্রহণের কোন ঘটনা তারা কেউ প্রত্যক্ষ করেছেন কিনা।  ২০০৪ সালে চালানো এই  তদন্তে এরকম অন্তত ২৫টি ঘটনা নথিভূক্ত করে এফবিআই। 

২০০২ সালের অক্টোবরে একটি ঘটনা: এক বন্দিকে ঢোকানো নয় প্লাই উডের তৈরি একটি ঘরে। সেখানে জিজ্ঞাসাবাদকারীরা ডাক্ট টেপ দিয়ে মাথা মোড়ানো বন্দিটির প্রতি চিৎকার ও হইচই শুরু করে। এ সময় এক সেনা কর্মকর্তা কোরান শরিফের ওপর বসে পড়লে ‘উন্মত্ত আচরণ করতে থাকেন বন্দিটি।

অন্য একদিন: এফবিআইর এক এজেন্টকে জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যাওয়া হলে তিনি দেখেন, সেখানেও লম্বা দাড়ির এক বন্দির মাথা ডাক্ট টেপে মুড়িয়ে রাখা হয়েছে।    

আরেকটি ঘটনা:  এফবিআইর একজন স্পেশাল এজেন্টকে এক বন্দিকে  দেখাতে নিয়ে যান বেসামরিক বিভাগের একজন ঠিকাদার । এজেন্ট দেখেন, তার মুখ ডাক্ট টেপ দিয়ে আটকানো। মাথার বেশিরভাগও ওই একই ডাক্ট টেপে মোড়া। নথিতে জানানো হয়েছে, ওই ঠিকাদার বলেছেন, বন্দিটি সারাক্ষণ উচ্চস্বরে কোরান পড়ায় ওই ব্যবস্থা নেওয়া হয়।  

এফবিআই বলেছে, তদন্তে বন্দিদের ওপর  তাদের এজেন্টদের অসদাচারণের কোন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। পেন্টাগনের দেওয়া তথ্য অনুযায়ী কিউবার গুয়ানতানামো বে’র ওই মার্কিন সামরিক কারাগারে বর্তমানে বন্দির সংখ্যা প্রায় ৩৯৫ জন। এদের বেশিরভাগই আফগানিস্তানে মার্কিন অভিযানে গ্রেপ্তার হয়।