২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় হামাস-ফাতাহ সংঘর্ষ : নিহত ৪

গাজায় হামাস ফাতাহ সংঘর্ষে বুধবার ৪ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং নতুন করে সহিংসতা শুরুর আশঙ্কা দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 09:55 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সকালে অজ্ঞাত বন্দুকধারীদের হাতে আব্বাসের অনুগত ফাতাহ’র ১ মিলিশিয়া নিহত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর জাবালিয়া শরণার্থী শিবিরে হামাস ও ফাতাহ বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দু’পক্ষের গোলাগুলিতে শিবিরের ১ নারী গুলিবিদ্ধ হন এবং পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়া আহত অন্যান্যরা হামাস ও ফাতাহর সদস্য বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, খান ইউনিস শহরে হামাসের পুলিশ বাহিনী ওৎ পেতে থেকে ফাতাহ’র বিশেষ প্রতিরক্ষা বাহিনীর ওপর হামলা চালালে তাদের ২ সদস্য নিহত হয় । ওই ঘটনায় ফাতাহর আরো ১ সদস্য গুরুতরভাবে আহত হয়েছে বলে জানিয়েছে তারা।