বই পড়ে কারাগারে সময় কাটতো সাদ্দামের
যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন কারাগারে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জীবনের শেষ দিনগুলো কেটেছে বই পড়ে।
কারা প্রকোষ্ঠের ভেতরে তিনি গড়ে তুলেছিলেন ছোট্ট এক টুকরো বাগান। সেখানকার অল্প কিছু গাছের নিয়মিত পরিচর্যা করতেন আর নিজের খাবার থেকে বাঁচিয়ে রুটি দিতেন পাখিদের। ছেলেমেয়েদের শৈশবকালীন সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে আনন্দে উদ্বেল হয়ে যেতেন একসময়ের সিংহপুরুষ।
সাদ্দামকে দেখভালকারী রবাট এলিস ‘সেন্ট লুইস পোস্ট ডিসপ্যাস’ সংবাদপত্রকে এসব তথ্য জানিয়েছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে রোববার।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিসৌরির নিজ বাড়িতে দেওয়া সাক্ষাৎকারে এলিস বলেন, ২০০৪ সালের জানুয়ারি থেকে ২০০৫ এর আগস্ট পর্যন্ত তিনি বাগদাদের কাছে একটি কম্পাউন্ডে ঊর্ধ্বতন স্বাস্থ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেন। সেখানেই বন্দি ছিলেন সাদ্দাম হেসেনসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ইরাকি নেতা।
একজন কর্নেল সে সময় তাকে বলেন, “যুক্তরাষ্ট্রের কারাগারে কোনোভাবেই সাদ্দাম হোসেনের মৃত্যু হতে পারে না। তাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে সবকিছুই করতে হবে।”
বর্তমানে মিসৌরির সেন্ট চার্লিসের সেন্ট যোসেফ হেলথ সেন্টারে কর্মরত ৫৬ বছর বয়সী এলিস বলেন, “আমার কাজ ছিল সাদ্দাম হোসেনকে সুস্থভাবে বাঁচিয়ে রাখা, যাতে কিছুদিন পরে ওরা (মার্কিন বাহিনী) তাকে হত্যা করতে পারে। আমি জানতাম ওরা কী করতে যাচ্ছে। এজন্য একজন শুশ্রুষাকারী হিসেবে কাজটি ছিল আমার নীতিবিরুদ্ধ। কিন্তু সৈনিক হিসেবে সেটি আমার দায়িত্বের মধ্যেই পড়ে।”
দায়িত্বপালনের পুরোটা সময় প্রতিদিন সাদ্দাম হোসেনের শারীরিক আবস্থার খোঁজখবর নিতেন এলিস। আপাতদৃষ্টে কঠোর হৃদয় এই ইরাকি নেতাকে এভাবেই ধীরে ধীরে জানার সুযোগ পান তিনি।
এলিস বলেন, কারাগারে নিজ কক্ষের বাইরে বেরুনোর জন্য খুব কম সময় দেওয়া হতো সাদ্দাম হোসেনকে। এ সময় তিনি নিজের খাবার থেকে বাঁচানো রুটি পাখিদের খেতে দিতেন। পানি দিতেন বাগানের গাছগুলোতে।
এলিসের সঙ্গে গল্প করেও সময় কাটাতেন তিনি। তিন ছেলে ও দুই মেয়ের ছোটবেলার গল্প বলতে গিয়ে উচ্ছ্বসিত হতেন। কীভাবে তাদের ঘুম পাড়ানো হতো, মেয়ের পেটের পীড়ার সময় কোন ওষুধ খাওয়ানো হয়েছিল সে সবও এলিসকে বলেছিলেন সাদ্দাম।
কারাগারের নিরাপত্তারক্ষীরা দরজার নিচ দিয়ে সাদ্দাম হোসেনকে প্লেটে খাবার ছুঁড়ে দেওয়া শুরু করলে তিনি অনশন শুরু করেন। এরপর দরজা খুলে খাবার দেওয়ার নিয়ম জারি হয়, তিনিও অনশন ভঙ্গ করেন। এলিস বলেন, তিনি বন্দি সিংহের মতো খাবার গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।”
কারাগারে সবসময়ই তিনি নিজের শাসনামলের পক্ষে যুক্তি দিতেন।
সাক্ষাৎকারে এলিস বলেন, একদিন তাকে দেখতে যাওয়ার পর সাদ্দাম তাকে প্রশ্ন করলেন, কেন আমরা আগ্রাসন চালিয়েছি। মেশিন গান চালানোর মতো অঙ্গভঙ্গি করে তিনি আবারও প্রশ্ন করলেন, কেন সৈন্যরা এখানে (ইরাকে) হামলা চালিয়েছে?
সাদ্দাম বলতেন, তিনি যা কিছু করেছেন সব ছিল ইরাকের ভালোর জন্যই।
