ইরাকে ৩০০০ মার্কিন সৈন্য নিহত
ইরাকে তিন হাজার সঙ্গীর নিহত হওয়ার খবরের মধ্য দিয়ে শুরু হয়েছে মার্কিন সৈন্যদের নতুন বছর।
ওয়েবসাইট আইক্যাজুয়ল্টিডটওআরজি রোববার তিন হাজারতম মার্কিন সৈন্যের মৃত্যুর কথা যখন প্রকাশ করে তখন ইংরেজী নববর্ষ বরণ উৎসব শুরু হয়ে গেছে বিশ্বের কোথাও কোথাও।
ওয়েবসাইটে তিন হাজারতম নিহত মর্কিন সৈন্য হিসেবে স্পেশালিস্ট ডাস্টিন ডোনিকার নাম তালিকাভুক্ত করা হয়। সঙ্গে আরেকটি সৈন্যের নাম তালিকায় তোলা হয়, যিনি নিহত হন বাগদাদে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণে শনিবার।
ডাস্টিন ডোনিকা ২৮ ডিসেম্বর নিহত হলেও তার মৃত্যুর কথা কয়েকদিন গোপন রাখা হয়।
তবে সরকারিভাবে তিন হাজার সৈন্যের নিহত হওয়ার কথা তাৎক্ষণিকভাবে স্বীকার করা হয়নি। এর কারণ হতে পারে প্রেসিডেন্ট জর্জ বুশের যুদ্ধ পরিচালনার সমালোচকরা একে কাজে লাগাতে পারেন।
এদিকে বুশের মুখপাত্র স্কট স্ট্যান্জেল বলেছেন, প্রত্যেকটি সৈনিকের মৃত্যুর জন্য প্রেসিডেন্ট শোকাহত।
তিনি আরও বলেন, তাদের এই ত্যাগ যাতে বৃথা না যায় প্রেসিডেন্ট তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
গত দু’বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি ১১১ সৈন্য নিহত হয় ২০০৬ সালের ডিসেম্বর মাসে।
প্রেসিডেন্ট বুশ এ মাসেই ইরাক নিয়ে তার নতুন পরিকল্পনা প্রকাশ করবেন। এর মধ্যে সহিংসতা প্রশমনে দেশটিতে আরও সৈন্য পাঠানোর বিষয়টিও রয়েছে। সেখানে সহিংসতায় প্রতি সপ্তাহে শত শত ইরাকি প্রাণ হারাচ্ছেন।
এদিকে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝোলানোয় দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইরাকিরা। সাম্প্রদায়িক সহিংসতাও অবসানের কোনো লক্ষণ নেই।
সাদ্দামের গ্রাম আওজায় তার কবরের পাশে দাঁড়িয়ে সুন্নি আরবরা মার্কিন বাহিনী ও শিয়া নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন রোববার।
ফার্সিভাষী শিয়া অধ্যুষিত ইরানের সঙ্গে ইরাকের নতুন নেতৃত্বের সম্পর্কের প্রতি ইঙ্গিত করে মসুলের এক অধিবাসী বললেন,“আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে ফার্সিরাই তাকে হত্যা করেছে। এর প্রতিশোধ আমরা নেবই নেব।”
প্রেসিডেন্ট বুশ এখন টেক্সাসে তার খামারে ছুটি কাটাচ্ছেন। সেই সঙ্গে বিচার-বিবেচনা করছেন ইরাক সম্পর্কে বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে। তবে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার নিয়ে কোন সময়সূচি ঘোষণা করার কথা তিনি উড়িয়ে দিয়েছেন।
