সীমান্তে কোণঠাসা সোমালিয়ার ইসলামপন্থীরা
সোমালিয়ার ইসলামি কোর্টস কাউন্সিল যোদ্ধারা তাদের শেষ ঘাঁটিটিও হারিয়েছে।
ইথিওপিয়া ও অন্তর্বর্তী সরকার সমর্থিত যৌথবাহিনীর আক্রমণে টিকতে না পেরে তারা দেশটির আরো দক্ষিণে কেনিয়া সীমান্তের দিকে পালিয়ে গেছে। এদিকে সীমান্ত বন্ধ করার জন্য কেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সোমালিয়ার অন্তর্বর্তী সরকার।
অন্তর্বর্তী সরকারের মুখপাত্র রহমান দিনারি বলেন, “সীমান্ত বন্ধ করে দেওয়ার জন্য কেনিয়া সরকারকে আমরা আহ্বান জানাচ্ছি। এর পরও কেউ যদি সে দেশে ঢুকে পড়ে, তাহলে আমাদের অনুরোধ থাকবে তাদের গ্রেফতার করে আমাদের হাতে তুলে দেওয়ার।”
রোববার রাতে তুমুল যুদ্ধের পর কিসমাউ শহরের দখল নেয় যৌথবাহিনী। এখন কেনিয়া সীমান্ত এলাকায় তাদের কোনঠাসা করে ফেলা হয়েছে।
এদিকে কেনিয়া বলেছে, তারা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে। সে দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কেমবি গিতুরা বলেন, “আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা নিরপেক্ষ অবস্থানই বজায় রাখব। তাছাড়া সোমালিয়ায় তো একটি সরকার রয়েছে।”
