বাগদাদে মার্কিন হামলায় নিহত ৬
বাগদাদে সোমবার একটি সুন্নি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা। এতে নিহত হয়েছে ছয় জন।
যুক্তরাষ্ট্র বাহিনী জানিয়েছে, ওই কার্যালয়টি আল কায়দার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হত এবং সেখান থেকে সেনাদের লক্ষ করে গুলি ছোড়া হয়। হামলায় ছয় জঙ্গি নিহত হয়েছে বলে তারা দাবি করেছে।
এক বিবৃতিতে তারা জানায়, সোমবার ওই কার্যালয়ে অভিযান চালাতে গেলে জঙ্গিরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। বেশ কয়েক ঘণ্টার যুদ্ধ শেষে সে স্থান থেকে এক জঙ্গিকে আটকও করা হয়। যুদ্ধে কোনো বেসামরিক লোক হতাহত হয়নি।
এদিকে ইরাকি ন্যাশনাল ডায়ালগ গ্রুপের নেতা ও সংসদ সদস্য সালেহ আল মুতলাক রয়টার্সকে বলেন, যুক্তরাষ্ট্রের সেনারা বিনা উস্কানিতে দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে আমাদের দুই সদস্যকে হত্যা করে। এতে দুই জন আহতও হয়। তার দাবি, সেনা হামলায় এক পরিবারের দুই শিশুসহ চারজন নিহত হয়।
আল মুতলাকের দল ইরাকের নুরি আল মালিকির নেতৃত্বাধীন জোট সরকারের অন্যতম শরিক।
