স্ট্রোক আক্রান্তদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে নতুন আশা
স্ট্রোকে আক্রান্ত যেসব ব্যক্তি সেরে উঠছেন অথচ আক্রান্ত দৃষ্টিশক্তির তেমন উন্নতি হচ্ছে না তাদের জন্য আশার কথা জানিয়েছেন বৃটেনের একদল বিজ্ঞানী।
স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের অনেকে কর্টিকাল ব্লাইন্ডনেসে ভোগেন যার ফলে কোন কিছু পড়ার ক্ষেত্রে তারা বেশ অসুবিধায় পড়েন।
তবে তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন অ্যাবারডিনের এই বিজ্ঞানীরা। তারা বলেছেন, এক ধরনের মেডিকেল ডিভাইস বা চিকিৎসা সামগ্রী ব্যবহার করে স্ট্রোকজনিত অসুস্থতায় চোখের ক্ষতিগ্রস্ত নার্ভগুলোকে পুনরায় উদ্দীপিত করা সম্ভব।
একটানা আট বছর গবেষণা চালিয়ে তারা এ সিদ্ধান্তে পৌঁছেন।
এক জরিপে দেখা গেছে প্রায় ৫৫ হাজার ব্যক্তি স্ট্রোকের কারণে আংশিক দৃষ্টিশক্তি হারান।
এদের মধ্যে কর্টিকাল ব্লাইন্ডনেসে আক্রান্ত হওয়া ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি।
অ্যাবারডিনের গবেষকরা এক ধরনের যন্ত্র ব্যবহারের মাধ্যমে স্ট্রোকের কারণে আংশিক দৃষ্টিশক্তি হারানো ১২ জন রোগীর ওপর গবেষণা ও জরিপ চালান।
এদের দৃষ্টিশক্তি বাড়াতে বাড়িতে বিশেষ ধরনের কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয়। এতে কম্পিউটারের পর্দার বিশেষ এক ধরনের আলো প্রতিফলিত হয়ে দৃষ্টিশক্তি হারানো ব্যক্তিদের চোখে এসে পড়ে এবং এই পদ্ধতিতে তাদের হারানো দৃষ্টিশক্তি ধীরে ধীরে ফিরে আসে।
প্রত্যেক রোগীকে তিন মাস এই পদ্ধতিতে বারবার চিকিৎসা দেওয়া হয়। তাদের বলা হয় যখনই তারা কম্পিউটারের পর্দার আলোর জ্বলে ওঠা ও নিভে যাওয়া দেখতে পাবেন তখনই একটি বোতামে চাপ দেবেন।
এ ধরনের পরীক্ষার পর দেখা যায় ১২ জনের প্রত্যেকেই হারানো দৃষ্টিশক্তির অনেকটাই ফিরে পেয়েছেন।
গবেষণা দলটির প্রধান ড. আরাশ সাহরেই বলেন, “এই আবিষ্কারে আমরা অত্যন্ত আনন্দিত। স্ট্রোকের কারণে ব্রেন ড্যামেজে আক্রান্ত হয়ে যারা আংশিক দৃষ্টি হারান এই আবিষ্কার তাদের জন্য আশার সঞ্চার করবে।”
