২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালি প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সাহায্যের আবেদন

ইসলামি জঙ্গিরা সেদেশের বড় একটি অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী আলি মোহাম্মদ গেদি।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 03:14 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

ইসলামিক কোর্টস ইউনিয়ন দক্ষিণ সোমালিয়ার বড় একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রতিবেশী কেনিয়ায় এক সংবাদ সম্মেলনে গেদি এ আবেদন জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়ে আন্তর্জাতিকভাবে কোন পদক্ষেপ নেওয়া না হলে তাঁর দেশ মৌলবাদী ও সন্ত্রাসীদের স্বর্গরাজ্যে পরিণত হতে পারে।

গেদি অভিযোগ করেন, ইসলামিক কোর্টস সুদানের রাজধানী খার্তুমে স্বাক্ষরিত শান্তি চুক্তি লঙ্ঘণ করেছে। তারা বিদেশ থেকে অবৈধভাবে অস্ত্র, বিস্ফোরক ও যোদ্ধা আমদানি করেছে। ওই গোষ্ঠীটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ইসলামি আইন প্রয়োগ করে সহিংসতার আশ্রয় নিচ্ছে এবং মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এই মৌলবাদী ও সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা শুধু সোমালিয়ায় নয়, সারা বিশ্বেই প্রভাব ফেলবে।

এই পরিস্থিতিতে গেদি প্রতিবেশী দেশগুলোকে সোমালিয়ার সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, ইসলামিক কোর্টস কোন ধরনের রক্তপাত ছাড়াই ওই এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।