২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাকসিনের মন্ত্রীসভার দুর্নীতির অভিযোগ তদন্তে বিশেষ কমিশনের কাজ শুরু

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ তদন্তের কাজ শুরু করেছে একটি বিশেষ কমিশন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

থাইল্যান্ডের নতুন সামরিক সরকার থাকসিন সিনাওয়াত্রা এবং তার মন্ত্রীসভার সদস্যদের বিরুদ্ধে আনা ট্যাক্স সংক্রান্ত যাবতীয় অভিযোগ খতিয়ে দেখবে এই কমিশন। বিভিন্ন বার্তা সংস্থা এ খবর জানায়।

ব্যাপক দূর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে গত সপ্তাহে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে থাকসিন সিনাওয়াত্রাকে ক্ষমতাচ্যুত করা হয়।

চলতি বছরের প্রথমার্ধে অর্থ আত্মসাত ও দূর্নীতির অভিযোগে থাকসিন সিনাওয়াত্রার পদত্যাগের দাবীতে ব্যাপক গণবিক্ষোভ প্রদর্শন করেছিল থাই জনগণ।

বিশেষ করে দুই বিলিয়ন ইউএসডলারের বিনিময়ে থাকসিন তার টেলিকম এমপায়ারের শেয়ার সিঙ্গাপুরের একটি কোম্পানির কাছে বিক্রি করে দেওয়াতে তার বিরুদ্ধে আনা অভিযোগ এবং সন্দেহ আরো ঘনীভূত হয়ে উঠছে।

এদিকে আগামী বছর অক্টোবরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত একজন বেসামরিক প্রধানমন্ত্রীকে অন্তবর্তীকালীন সরকার পরিচালনায় নিযুক্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে থাইল্যান্ডের বর্তমান সামরিক সরকার।

আগামী দু সপ্তাহের মধ্যে একজন বেসামরিক ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া হবে বলে অঙ্গীকার করেছে সামরিক জান্তা সরকার।

প্রথম সারির অর্থনীতিবিদ এবং বিচারকদের নামের সংক্ষিপ্ত একটি তালিকা থাইল্যান্ডের বর্ষীয়ান রাজা ভূমিবল আদুলিয়াদেজের কাছে পাঠানো হবে। আগামী বুধবার রাজা ভূমিবল এই তালিকা থেকে যার নাম ঘোষণা করবেন তিনিই হবেন থাইল্যান্ডের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী।