হাঙ্গেরীর প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে শহরে শহরে
হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ফেরেনস গুয়ারসানির পদত্যাগ দাবিতে শনিবারও রাজধানী বুদাপেস্টে বিক্ষোভ-সমাবেশ হয়েছে। আর এটি ছিল এ পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশগুলোর মধ্যে সবচেয়ে বড়। ২০ থেকে ৫০ হাজার লোক এই বিক্ষোভ- সমাবেশে অংশ নেন।
বিক্ষোভ কয়েকটি প্রাদেশিক শহরেও ছড়িয়ে পড়েছে। বিভিন্ন বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
হাঙ্গেরীর পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষুব্ধ লোকজন মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে।
প্রধানমন্ত্রী দেশবাসির কাছে মিথ্যা বলেছেন, এই অভিযোগে তার পদত্যাগ দাবি করছে তারা।
প্রধানমন্ত্রী গুয়ারসানি স্বীকার করেছেন, নির্বাচনে জয়ী হয়ে আবারো ক্ষমতায় আসার জন্য তার সরকার কিছু মিথ্যা আশ্বাস দিয়েছিল।
আর প্রধানমন্ত্রীর এই স্বীকারোক্তির পরপরই ক্ষোভে ফেটে পড়ে হাঙ্গেরীর সাধারণ মানুষ।
সমাবেশের আয়োজকরা সাদা ফিতা বা সাদা এক টুকরো কাপড় মাথায় বেধে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়ার আহ্বান জানান
এদিকে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য বিরোধী কনজার্ভেটিভ পার্টিকে দায়ী করেছে প্রধানমন্ত্রী গুয়ারসানির স্যোশালিস্ট পার্টি ।
বিক্ষোভ কয়েকটি প্রাদেশিক শহরেও ছড়িয়ে পড়েছে।
বিক্ষোভ সমাবেশের ফলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এই আশংকায় রাজধানীসহ বিভিন্ন শহরে
দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
সমাবেশ আয়োজকদের একজন টামাস মোলনার বলেন, প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীসভা পদত্যাগ না করা পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ- বিক্ষোভ চালিয়ে যাবো।
বিক্ষোভকারীরা ১৯৪৫ সালের আগের পুরানো হাঙ্গেরিয়ান পতাকা বহন করছিলেন, যা কট্টর জাতীয়তাবাদের প্রতীক হিসেবে পরিচিত।
বিক্ষোভের প্রথম দিনে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ব্যাপক ভাংচুর চালিয়েছিল। বিক্ষোভকারীরা বুদাপেস্টের প্রধান সোভিয়েত ওয়ার মন্যুমেন্টটি ভেঙে ফেলে। অগ্নি সংযোগ করা হয় কয়েকটি যানবাহনেও ।
